কৃষ্ণকুমার দাস ও ভাস্কর মুখোপাধ্যায়: বিশ্বভারতীর সমাবর্তন ও বাংলাদেশ ভবন উদ্বোধনকে মর্যাদা দিলেও প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে কুটনৈতিকভাবে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বস্তুত এই কারণে পাঁচ বছর বাদে আচার্য-প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আম্রকুঞ্জের সমাবর্তন অনুষ্ঠান কাটছাঁট হচ্ছে। উলটে দ্বিপাক্ষিক একান্ত বৈঠকের সময় বাড়িয়ে দিলেন মোদি। প্রধানমন্ত্রীর সচিবালয়ের অনুরোধেই ঐতিহ্যমণ্ডিত সমাবর্তন থেকে এবছরের মতো বাদ হয়ে গেল দেশিকোত্তম, অবনগগন ও রথীন্দ্র পুরস্কার বিতরণ কর্মসূচি। কারণ, দুই অনুষ্ঠান শেষে রথীন্দ্র সভাগৃহে একান্তে বঙ্গবন্ধু-কন্যার সঙ্গে দুই দেশের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনাকে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন ভারতের প্রধানমন্ত্রী। দেশের সংসদ নির্বাচনের আগে শেষবার ভারত সফরে একান্ত বৈঠকে তিস্তার জলবণ্টন, সীমান্ত বাণিজ্য, রোহিঙ্গা-প্রত্যাবর্তন ও জঙ্গি দমনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে মোদির পূর্ণ সমর্থন চাইতে পারেন বঙ্গবন্ধু-কন্যা। উলটোদিকে চিনের দিকে ‘ঝুঁকে’ যাওয়া বাংলাদেশকে পুরোপুরি নিজেদের কবজায় নিয়ে আসতে এই একান্ত বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন মোদি।
[ফের পুলিশের জালে ভুয়ো চিকিৎসক, জালিয়াতির নেপথ্যে দিল্লির চক্র!]
শান্তিনিকেতনে ‘বাংলাদেশ-ভবন’ উদ্বোধনে পশ্চিমবঙ্গে আসছেন শেখ হাসিনা। যাবেন কলকাতার নেতাজি ভবন এবং জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও। একান্তে দেখা করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। বস্তুত এই কারণে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য হাসিনা সরকারের তরফে বিশেষ অনুরোধ করা হয়েছে মমতাকে। বাঙালির গর্বের চার ঐতিহ্যমণ্ডিত ক্ষেত্রে বঙ্গবন্ধু-কন্যা পা রাখলেও এবার তাঁর সফরের ভরকেন্দ্র হল, মোদির সঙ্গে একান্ত বৈঠক। এই একান্ত বৈঠকে তৃতীয় ব্যক্তির প্রবেশ চলবে না। এমনকী, হাসিনার সফরসঙ্গী বিদেশমন্ত্রী মামুদ আলি বা দুই গুরুত্বপূর্ণ উপদেষ্টা এইচ টি ইমাম এবং গহর রিজভীও থাকতে পারবেন না ওই নিভৃত বৈঠকে। ভারতের প্রধানমন্ত্রীও হাসিনার মনোভাব উপলব্ধি করেই দ্বিপাক্ষিক বৈঠককে গুরুত্ব দিয়ে সমাবর্তন অনুষ্ঠান সংক্ষিপ্তের বার্তা দেন। সেইমতো কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্তও হয়েছে। বিশ্বভারতীর আধিকারিকরা সোমবার জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখেই সমাবর্তনের সূচি তৈরি হয়। ছয়ের দশকে এভাবেই একবার আচার্য-প্রধানমন্ত্রী সময় দিতে না পারায় দেশিকোত্তম বিতরণ বাতিল হয়ে গিয়েছিল। তবে শীঘ্রই অনুষ্ঠানের আয়োজন করে পুরস্কারপ্রাপকদের সম্মানিত করা হবে। এবছর দেশিকোত্তম পাওয়ার কথা ছিল বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন, চিত্রশিল্পী যোগেন চৌধুরি, কবি গুলজার, লেখক অমিতাভ ঘোষ, শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়, অধ্যাপক সুনীতি কুমার পাঠক, বিজ্ঞানী অশোক সেনের।
[মন্ত্রের জোরে মুশকিল আসানের লোভ দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ওঝা]
বাংলাদেশ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর জন্য আসছে পদ্মার ইলিশ। সেই সঙ্গে যসোর বগুড়ার প্রসিদ্ধ মিষ্টি। ঢাকা থেকে হাসিনা ঘনিষ্ঠ এক প্রবীন মন্ত্রী এদিন টেলিফোনে জানান, “হাসিনা-মমতার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের রসায়ন এতটাই মধুর যে দু’জনে কথা বললে, একসঙ্গে মুখোমুখি বসলে দুই বাংলায় অনেক কিছুই হতে পারে। এখনও সময়সূচি চূড়ান্ত না হলেও ৪৮ ঘণ্টার কলকাতা সফরে যে কোনও মুহূর্তে মমতার সঙ্গে বঙ্গবন্ধু-কন্যার দেখা হতেই পারে।” দুই প্রধানমন্ত্রীই বিশেষ বিমানে কলকাতায় আসবেন। তারপর সেনার হেলিকপ্টারে চড়ে বোলপুরে। সফরকারী দলের বহু গুরুত্বপূর্ণ সদস্য আগেরদিন শান্তিনিকেতনে পৌঁছে যাবেন। ২৫মে শুক্রবার সকাল ১০টায় শান্তিনিকেতন রবীন্দ্রভবনে আসবেন মোদি ও হাসিনা। বঙ্গবন্ধু-কন্যা থাকবেন ইন্দিরা-রাজীব গান্ধী যে ঘরে বিশ্রাম নিতেন সেই ঘরে। উদয়নেই উঠবেন বঙ্গবন্ধুর দুই কন্যা। ১০.৩০টায় আম্রকুঞ্জে সমাবর্তন অনুষ্ঠান শুরু হবে, শেষ ১১.৩০টায়। বাংলাদেশ ভবনের উদ্বোধন বেলা ১২টায় শুরু হয়ে শেষ হবে ১.৩০টায়। বিশেষ সূত্রে খবর, রথীন্দ্রগৃহের পরিবর্তে বাংলাদেশভবনেই দুই প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। রমজান মাস, শেখ হাসিনা রোজা রাখছেন। তাই শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু কন্যাদের জুম্মার নমাজ পড়ার জন্য বাংলাদেশ-ভবনেই একটি পৃথক ঘরে বিশেষ ব্যবস্থা রেখেছে উপ-দূতাবাস।
The post প্রধানমন্ত্রীর সময় নেই, বিশ্বভারতীর ঐতিহ্যমণ্ডিত সমাবর্তন থেকে বাদ গেল দেশিকোত্তম appeared first on Sangbad Pratidin.
