shono
Advertisement
Malda

ফের এসআইআর বিক্ষোভ মালদহে, অবরুদ্ধ জাতীয় সড়ক, উত্তরবঙ্গের সঙ্গে ছিন্ন যোগাযোগ

ঘটনাস্থলে মোতায়েন রয়েছে মালদহ থানার পুলিশ বাহিনী। মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।
Published By: Kousik SinhaPosted: 11:01 AM Apr 02, 2026Updated: 12:19 PM Apr 02, 2026

বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে মালদহে বিক্ষোভ শুরু। কালিয়াচকের পর পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ-আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, বৈধ নথি থাকা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। বিক্ষোভের জেরে নতুন করে ১২ নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে হয়ে পড়ে। মাঝ রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। শুধু তাই নয়, কয়েক জায়গায় বাঁশ দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এর ফলে কার্যত উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ছিন্ন হয়ে পড়েছে। তীব্র যানজট এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে মালদহ থানার পুলিশ বাহিনী। মোতায়েন রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।

Advertisement

ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারক। এঁদের ঘিরেই চলে বিক্ষোভ। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী গিয়ে বিচারকদের উদ্ধার করা হয়। 

এই ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বৈধ সমস্ত নথি থাকা সত্ত্বেও কেন নাম বাদ, সেই দাবিতে শুরু হয় বিক্ষোভ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement