ভোটের মুখে হুমায়ুন কবীরের পরিবারে ফাটল! তৃণমূলে যোগ দিচ্ছেন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুনের জামাই রায়হান আলি। সঙ্গে রায়হানের বাবা শরিফুল ইসলামও তৃণমূলে যোগ দেবেন। আজ, মঙ্গলবার এ কথা জানিয়েছেন খোদ রায়হান। আগামি কয়েকদিন পরই তিনি তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছেন।
জানা গিয়েছে, কয়েকদিন পর কোনও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলের হয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন হুমায়ুনের জামাই রায়হান আলি। সঙ্গে থাকবেন তাঁর বাবাও। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, লালগোলা থেকে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হতে চলেছেন রায়হান। আরও খবর, আজ দোল ও আগামিকাল হোলি পর্ব মিটে গেলেই তৃণমূলের পতাকা তুলে দেওয়া হবে রায়হানের হাতে।
প্রায় বছর দশ আগে হুমায়ুন কবীরের মেয়ে নাজমা সুলতানার সঙ্গে বিয়ে হয় রায়হান আলির। সম্প্রতি তৃণমূল থেকে সাসপেন্ডেড ভরতপুরের বিধায়ক হুমায়ুন অভিযোগ তোলেন, জামাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দলে টানার চেষ্টা করছে তৃণমূল। পাশাপাশি, লালাগোলা থেকে তাঁকে তৃণমূল বিধানসভায় প্রার্থী হওয়ার টোপ দিয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন। এই জল্পনার মধ্যেই আজ, মঙ্গলবার রায়হান জানিয়েছেন, খুব তাড়াতাড়ি তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন। তিনি ও তাঁর বাবা তৃণমূলে যোগ দেবেন।
