দোলের আগের রাতে ভয়াবহ পথ দুর্ঘটনা। পুলিশের গাড়ির সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই পুলিশকর্মীর। ঘটনায় গুরুতর আহত আরও দুই পুলিশকর্মী। মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটনাটি ঘটেছে চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিউটিতে যাওয়ার সময় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। কীভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই ঘাতক লরিটিকে আটক করা হলেও চালক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, সোমবার রাতে ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন ওই পুলিশকর্মীরা। পুলিশেরই একটি ভ্যানে মেদিনীপুর থেকে গড়বেতা থানায় তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল। স্থানীয়দের দাবি, চন্দ্রকোনা রোডের সাতবাঁকুড়া এলাকায় উল্টোদিক থেকে আসা একটি লরি সজোরে ওই পুলিশ ভ্যানটিকে ধাক্কা মারে। অভিঘাত এতটাই ছিল যে দুর্ঘটনার পর পুলিশের ভ্যানটি রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয় মানুষজনই তড়িঘড়ি উদ্ধার কাজে হাত লাগান। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় আরও এক পুলিশকর্মীর।
দুর্ঘটনায় জখম আরও তিন পুলিশকর্মীকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি গুরুতর হওয়ায় রাতেই মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয় আহত তিনজনকে। যা খবর, আপাতত সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।
