জামুরিয়ায় (Jamuria) 'হঠাৎ বিজেপি' হয়ে গেল জামাই! রাতের অন্ধকারে গেরুয়া আবির মেখে, মুখে গামছা বেঁধে শ্বশুরের বাড়ি দোকান জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে। জামুড়িয়া বিধানসভার খাসকেন্দা ভসকাধাওরা এলাকার ঘটনা। ব্যক্তিগত শত্রুতা মেটাতে রাজনীতির রং লাগানোর এক চাঞ্চল্যকর অভিযোগ। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
জানা গিয়েছে, ভসকাধাওরার বাসিন্দা দীপক রক্ষিত নামে এক ব্যক্তির মেয়ের সঙ্গে অরবিন্দ কেওট নামে এক যুবকের বিয়ে হয়েছিল। বর্তমানে তাঁদের ডিভোর্স মামলা চলছে। দীপক বাবুর অভিযোগ, ডিভোর্সের পর থেকেই জামাই অরবিন্দ তাঁকে লাগাতার হুমকি দিচ্ছিল। মঙ্গলবার রাতে যখন দীপক বাবু বাড়িতে ছিলেন না, সে সময় তাঁর বাড়ি ও দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দোকানের আসবাবপত্র ও একটি স্কুটি পুড়ে ছাই হয়ে যায়।
দীপক রক্ষিত স্পষ্ট জানিয়েছেন যে, "এই ঘটনার নেপথ্যে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই, বরং এটি সম্পূর্ণ ব্যক্তিগত আক্রোশ।" তাঁর বক্তব্য, "বর্তমানে রাজনৈতিক উত্তেজনার সুযোগ নিয়ে গেরুয়া আবির মেখে, গেরুয়া গামছায় মুখ ঢেকে এই কাণ্ড ঘটিয়েছে, যাতে দায় রাজনৈতিক দলের উপর চাপানো যায়।"
ঘটনার খবর পেয়েই বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌঁছান জামুড়িয়া মণ্ডল-২ এর বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা দেবাশিস দুবে ও গৌতম মণ্ডল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ব্যক্তিগত বিবাদকে রাজনৈতিক রূপ দিয়ে ফায়দা লোটার চেষ্টা রুখতে কড়া বার্তা দিল বিজেপি। দেবাশিস বাবু জানান, "সারা পশ্চিমবঙ্গে গেরুয়া গামছা পরে বা রং লাগিয়ে ব্যক্তিগত ঝামেলাকে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে। বিজেপি এই ধরনের কাজ সমর্থন করে না। দলের কেউ এমন কাজে যুক্ত থাকলে তাকে বহিষ্কার করা হবে"। তারা স্পষ্ট করে দেন যে অভিযুক্ত অরবিন্দ কেওট বিজেপির কোনো কর্মী নয়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
