shono
Advertisement
soumen Mahapatra

সৌমেন মহাপাত্রের নিরাপত্তায় কাটছাঁট! জল্পনা উড়িয়ে বিধায়ক বললেন, 'আমি অনুগত সৈনিক' 

সৌমেন মহাপাত্র বর্তমানে তমলুকের বিধায়ক ছাড়াও বিধানসভার 'লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির' চেয়ারম্যান। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও এখন 'পাইলট কার'-সহ নিরাপত্তা পান।
Published By: Kousik SinhaPosted: 01:32 PM Mar 11, 2026Updated: 02:18 PM Mar 11, 2026

ভোটের আগে তমলুকের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রের নিরাপত্তায় কাটছাঁট! হঠাৎ করেই তাঁর বাড়ির নিরাপত্তায় থাকা ৬ পুলিশকর্মীকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে খবর। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া শহরে প্রাক্তন মন্ত্রীর বাড়ি। সেখানেই নিরাপত্তায় ছিলেন ওই ছয় পুলিশকর্মী। তবে এখনও তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিনজন পুলিশকর্মী। কিন্তু ভোটের মুখে কেন তাঁর নিরাপত্তা কমানো হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিকমহলে শুরু হয়েছে চর্চা। তবে কেন নিরাপত্তা কমানো হল তা নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন তমলুকের বিধায়ক। তবে পুরো বিষয়টি শীর্ষ নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

সৌমেন মহাপাত্র বর্তমানে তমলুকের বিধায়ক ছাড়াও বিধানসভার 'লোকাল ফান্ড স্ট্যান্ডিং কমিটির' চেয়ারম্যান। মন্ত্রিসভা থেকে বাদ পড়লেও এখন 'পাইলট কার'-সহ নিরাপত্তা পান। কিন্ত ভোট যখন বাংলার দোরগোড়ায়, সেই সময় হঠাৎ করেই তমলুকের বিধায়কের বাড়ির এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী প্রত্যাহারের ঘটনা বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে ধরা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত নিরাপত্তা রক্ষী হিসেবে কলকাতা পুলিশের দু'জন এবং পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একজন নিরাপত্তা রক্ষী রয়েছেন। কিন্তু কেন নিরাপত্তায় কাটছাঁট সে বিষয়ে এখনও পর্যন্ত জেলা পুলিশ প্রশাসনের তরফে কিছু জানানো হয়নি। 

এমনকী এই বিষয়ে তাঁকেও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন সৌমেনবাবু। তিনি বলেন, ''স্বরাষ্ট্রদপ্তর থেকে এই নিরাপত্তা দেওয়া হয়েছিল। কিন্তু কেন তুলে নেওয়া হল জানি না। আমি দলের অনুগত সৈনিক। অনেক কিছু দল থেকে পেয়েছি। সেজন্য কৃতজ্ঞ। এই বিষয়ে দলের সঙ্গে আলোচনা করেই তুলে ধরব।'' এমনকী আগামী ১২ তারিখ এই বিষয়ে বিস্তারিত জানাবেন বলেও জানিয়েছেন সৌমেনবাবু।

বলে রাখা প্রয়োজন, তৃণমূলের জন্মলগ্ন থেকেই দলের সঙ্গে রয়েছেন সৌমেন মহাপাত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার তিনবারের মন্ত্রীও ছিলেন। এমনকী গত বিধানসভা নির্বাচনে তমলুক সাংগঠনিক জেলার সভাপতির পদও সামলেছেন সৌমেন মহাপাত্র। কিন্তু আচমকাই গত ২০২২ সালে সৌমেন মহাপাত্রকে মন্ত্রিত্বকে সরিয়ে দেওয়া হয়। এমনকী ক্ষুদ্র শিল্প নিগমের চেয়ারম্যান পদ এবং সমস্ত দলীয় পদও খোয়াতে হয় তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement