shono
Advertisement
Purulia

সরকারের শতদিনে 'গিফ্ট' অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ''৩৪ বছরে উগ্র ট্রেড ইউনিয়নের পলিটিক্স ফেলে দিতে চাই।''
Published By: Kousik SinhaPosted: 08:19 PM Aug 17, 2026Updated: 08:19 PM Aug 17, 2026

১৭ আগস্ট, ১০০ দিনে পা রাখল শুভেন্দু অধিকারীর সরকার। তার আগেই পশ্চিমবঙ্গের শিল্প মানচিত্রে নতুন ফলক। রুখাশুখা পুরুলিয়ায় শিল্পায়নের খরা কাটিয়ে ইন্টিগ্রেড গ্রিন ফিল্ড প্ল্যান্টের সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার রাজ্যের শিল্পতালুক রঘুনাথপুরের দুরমুটে অমিত মেটালিকস লিমিটেডের ৪ হাজার কোটি টাকার এই প্রকল্পের ভূমি পূজন করেন তিনি। আর তা সরকারের ১০০ দিনে অমিত মেটালিক্সের তরফে 'গিফ্ট' বলেই ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে পূর্বতন তৃণমূল এবং বাম সরকারকেও আক্রমণ শানান তিনি।

Advertisement

পেটের টানে পুরুলিয়া-বাঁকুড়া-সহ জঙ্গলমহলের প্রচুর মানুষ ভিন রাজ্যে কর্মসূত্রে চলে গিয়েছেন। তাঁদের রাজ্যে ফিরে আসার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ''৩৪ বছরে উগ্র ট্রেড ইউনিয়নের পলিটিক্স ফেলে দিতে চাই। বন্দুক দেখিয়ে জমি নিতে দেখেছি। ১৫ বছরের নো ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসতে চাই। ১৫ বছরে বলা হত জমি দিতে পারবো না। তুমি জমি পারচেজ করে নাও। আমরা জোর করে জমি অধিগ্রহণ করবো না। কৃষকদের কাছ থেকে জমি নিয়ে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করবো। এটাই পলিসি।'' এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে হরিয়ানা-সহ বেশ কয়েকটি রাজ্যের উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সরকারের তিনমাসে যে আমূল বদল এসেছে রাজ্যে তাও তুলে ধরেন। শুভেন্দু অধিকারী বলেন, ''সরকারের তিন মাসে আমূল বদল হয়েছে। মেজিয়ায় একটি শিল্প সংস্থার সম্প্রসারণ হয়েছে। অমিত মেটালিক্স করলাম। অনুরোধ ১ হাজার দিন নয়, ৮০০ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। উদ্বোধনে আসবো।'' 

অন্যদিকে অমিত মেটালিক্স লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অমিতকুমার সিং বলেন, "আমরা শুধু একটি ইস্পাত কারখানা তৈরি করছি না। পুরুলিয়া ও পশ্চিমবঙ্গের প্রতি
দীর্ঘমেয়াদী অঙ্গীকারের একটি সূচনা। আমরা এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই যা কর্মসংস্থান তৈরি করবে। দক্ষতা উন্নয়ন করবে। স্থানীয় মানুষের পাশে দাঁড়াবে। এবং এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রগতিতে অর্থবহ অবদান রাখবে। " ওই মঞ্চ থেকে এই শিল্প সংস্থা জানিয়েছে, প্রায় ১৫১ একর জমির উপর এই আধুনিক সমন্বিত ইস্পাত কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা হবে প্রায় ১২ লক্ষ টন। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে পাঁচ হাজারের বেশি মানুষের।

বলে রাখা প্রয়োজন, পেটের টানে পুরুলিয়া-বাঁকুড়া-সহ জঙ্গলমহলের প্রচুর মানুষ ভিন রাজ্যে কর্মসূত্রে চলে গিয়েছেন। তাঁদের রাজ্যে ফিরে আসার বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরুলিয়ার মানবাজারের অন্য একটি সভা থেকে তিনি বলেন, ''আপনারা ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব।” রাজ্যে শিল্পের উন্নয়নে রাজ্য সরকার কী কী করছে সেই খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement