shono
Advertisement
Suvendu Adhikari

মা ক্যান্টিনে সপ্তাহে দু'দিন মাছ-ভাত, ৫ টাকাতেই মিলবে পরিষেবা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী জানান, এবার থেকে সপ্তাহে দুই দিন মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানো হবে।
Published By: Jaba SenPosted: 04:21 PM May 26, 2026Updated: 06:16 PM May 26, 2026

এবার থেকে সপ্তাহে দুই দিন মা ক্যান্টিনে পাওয়া যাবে মাছ-ভাত। মঙ্গলবার কল্যাণীতে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, মা ক্যান্টিনগুলিতে ৫ টাকাতেই পাওয়া যাবে এই পরিষেবা।

Advertisement

রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। পালাবদলের কারণে কয়েকটি প্রকল্পের পরিষেবা কিছু সময়ের জন্য স্থগিত থাকলেও ফের চালু হবে সব প্রকল্প। সেই মতো এবার মা ক্যান্টিন নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবার থেকে সপ্তাহে দুই দিন মা ক্যান্টিনে মাছ-ভাত খাওয়ানো হবে। কিন্তু দাম অপরিবর্তিত রাখবে সরকার। মাত্র ৫ টাকাতেই মাছ-ভাত খেতে পারবেন মানুষ।

মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে মা ক্যান্টিন নিয়ে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, বর্তমানে রাজ্যে মোট ৩৬৭টি মা ক্যান্টিন রয়েছে। সবকটিই চালু থাকবে। আপাতত এই ক্যান্টিনের সংখ্যা পরিবর্তন করা হবে না। তাঁর কথায়, "সপ্তাহে ২ দিন করে মাছ খাওয়াব। ৫ টাকাতেই খাওয়াব।"

ছাব্বিশের নির্বাচনের আগে বিজেপি মাছ-মাংস বিরোধী বলে প্রচার শুরু করেছিল তৃণমূল কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মানুষ আমিষ খেতে পারবেন না বলেও প্রচার করা হচ্ছিল। রাজ্যে ক্ষমতায় এসে তৃণমূলের এই দাবিকে ভুল প্রমাণ করেছে বিজেপি। রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ও কর্মীদের মাছ-ভাত খাওয়ানোর ব্যবস্থা করেছে বর্তমান শাসকদল। 

পশ্চিমবঙ্গের গরিব ও দুঃস্থ মানুষদের মাত্র ৫ টাকায় দুপুরের খাবার দেওয়ার জন্য ২০২১ সালে মা ক্যান্টিন প্রকল্পটি চালু করে তৃণমূল সরকার। এই প্রকল্পের আওতায় মা ক্যান্টিনগুলিতে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। কয়েকদিন আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছিলেন, মা ক্যান্টিনে গরিব মানুষদের মাছ-ভাত খাওয়ানো হবে। সেই মতোই এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মা ক্যান্টিনে সপ্তাহে দুই দিন মাছ-ভাত খাওয়ানোর কথা ঘোষণা করলেন।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement