shono
Advertisement

আঙুল নেই, তাই আধার তৈরি না হওয়ায় বন্ধ অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর পেনশন

শেষ বয়সে কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন অবসরপ্রাপ্ত কর্মী৷ The post আঙুল নেই, তাই আধার তৈরি না হওয়ায় বন্ধ অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর পেনশন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:48 PM Jun 22, 2018Updated: 08:18 PM Jun 22, 2018

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: আঙুল নেই, তাই আধারও নেই! আধার না থাকায় হরি আপটার জীবনেই এখন নেমে এসেছে আঁধার৷ আধার কার্ড না থাকায় পেনশন বন্ধ হয়ে গিয়েছে ইসিএলের অবসরপ্রাপ্ত শ্রমিকের৷ কুষ্ঠ রোগের কারণে তাঁর হাতের আঙুলগুলি প্রায় ক্ষয়ে গিয়েছে৷ ফলে আধার কার্ড তৈরি করা যাচ্ছে না৷ তাই ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় বন্ধ হয়ে গিয়েছে পেনশন৷ শেষ বয়সে টাকা না পেয়ে কার্যত অনাহারে দিন কাটাচ্ছেন ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী৷

Advertisement

অন্ডালের খাঁদরার নাগকাজোরা কোলিয়ারির কর্মী ছিলেন হরি আপটা৷ ১৯৯৮ সালে তিনি চাকরি থেকে অবসর নেন৷ অবসরের পর থেকে নিয়মিতভাবেই ব্যাংক থেকে পেনশন পাচ্ছিলেন৷ মেয়ের বাড়িতেই থাকেন হরি আপটা৷ আচমকাই ব্যাংক জানিয়ে দেয়, আর তাঁকে পেনশন দেওয়া যাবে না৷ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় বন্ধ হয়ে যায় পেনশন৷

[চা বাগানে ঘনিষ্ঠ প্রেমিক যুগল, হাতির হামলায় প্রাণ গেল দু’জনেরই]

কুষ্ঠ রোগে আক্রান্ত হওয়ার কারণে হাতের আঙুলগুলি ক্ষয়ে গিয়েছে বহুদিন আগেই৷ ফলে, কোনভাবেই আধার কার্ড তৈরি করা আর সম্ভব হয়নি৷ আধার কার্ড না থাকায় আটকে পেনশন৷ ব্যাংক জানিয়েছে, আধার কার্ড ছাড়া কোনভাবেই তারা আর পেনশনের টাকা দিতে পারবে না৷ পেনশনের টাকা না পেয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েতে জানিয়েও এই বিষয়ে কোন সাফল্য মেলেনি৷ মেলেনি সুরাহা৷ পেনশন আটকে যাওয়ার কারণে রীতিমতো অর্থ সঙ্কটে ভুগছে তিনি৷ পেট চালাতে তাই মেয়ে-জামাইয়ের কাছে গঞ্জনাও শুনতে হচ্ছে৷ অবসর জীবনের কষ্টার্জিত হকের টাকা পেতেও স্রেফ আধার কার্ড না থাকায় ঘুরতে হচ্ছে তাঁকে৷ হাতের আঙুল না থাকলেও চোখের রেটিনার ছাপ দিয়েও আধার কার্ড তৈরি করা সম্ভব কিনা তা জানতে চেয়ে চেনা-জানা বিভিন্ন মানুষের কাছে যাওয়াই এখন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে হরির৷ বারংবার হেনস্তার শিকার হওয়ার পর তিনি বলেন,“রক্ত ঘাম ঝরিয়ে খনিতে কাজ করেছি৷ অবসরের পর যে পেনশনের টাকা পেতাম তাও বন্ধ করে দিয়েছে ব্যাংক৷ এইভাবে চললে আমাকে মৃত্যুর আবেদন করতে হবে প্রশাসনের কাছে৷” দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, “বেশ কিছুদিন ধরেই এই ধরনের সমস্যার অভিযোগ আসছে প্রশাসনের কাছে৷ আমরাও সংশ্লিষ্ট মহলে এই অভিযোগগুলি পাঠিয়ে দিয়েছি৷ কিন্তু, এখনও কোনও সুরাহা হয়নি৷ যে সমস্ত সংস্থা এই আধার কার্ড তৈরির কাজ করছে তাদেরই একটি বিকল্প রাস্তা বের করতে হবে এই সমস্যার সমাধানে৷”

The post আঙুল নেই, তাই আধার তৈরি না হওয়ায় বন্ধ অবসরপ্রাপ্ত ইসিএল কর্মীর পেনশন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement