ভোট পরবর্তী হিংসা, তোলাবাজির অভিযোগে গতকাল গ্রেপ্তার হয়েছিলেন বারাসত পুরসভার কাউন্সিলর অরুণ ভৌমিক। আজ, বৃহস্পতিবার তাঁকে আদালতে পেশ করার সময় ক্ষোভে ফেটে পড়লেন আইনজীবী থেকে শুরু করে জনতা। তাঁকে ঘিরে ওঠে 'চোর চোর' স্লোগান। কাউন্সিলরকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এক মহিলা আইনজীবীও। যদিও কাউন্সিলর জানান, রাজ্যে পট-পরিবর্তন হয়েছে, তাই এখন এমনটাই হবে।
২০২১ সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে বুধবার বারাসাতের একদা প্রভাবশালী তৃণমূল নেতা অরুণ ভৌমিককে গ্রেপ্তার করা হয়েছিল। বৃহস্পতিবার তাঁকে বারাসাত আদালতে তোলা হয়। বারাসাত আদালতের আইনজীবীদের সূত্রে খবর, বিচারক তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন তাঁকে বারাসাত থানা থেকে কোর্টের উদ্দেশে নিয়ে যাওয়ার সময় কাউন্সিলর বলেন, "পট পরিবর্তন হয়েছে, এখন এটাই হবে।" এর জন্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন তিনি। আদালতে পেশের সময় তাঁর উদ্দেশে 'চোর চোর' স্লোগান দেন উপস্থিত আইনজীবী ও জনতা। এক মহিলা আইনজীবী কাউন্সিলরকে দেখে ক্ষোভে ফেটে পড়েন। পুরনো একটি গন্ডগোলের কথা উল্লেখ করে ওই মহিলার অভিযোগ, অরুণ ভৌমিক তাঁকে বলেছিলেন, "১৫টা উকিল তাঁর পকেটে থাকে।" সেই গন্ডগোলের কথা বলতে গিয়ে ফুঁসে ওঠেন ওই মহিলা আইনজীবী।
উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর দুর্নীতি, তোলাবাজি, হিংসার অভিযোগে রাজ্যজুড়ে তৃণমূলের একাধিক নেতাকে গ্রেপ্তার করছে পুলিশ। বাদ যাননি বারাসতের প্রভাবশালী নেতা অরুণ ভৌমিক। বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ, বৃহস্পতিবার আদালতে পেশের সময় তাঁকে ঘিরে 'চোর' স্লোগান ওঠে।
