সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু পঞ্চায়েত ভোটের দামামা একরকম বেজেই গিয়েছে। এই অবস্থায় আলিপুরদুয়ারে এক জনসভায় বিজেপিকে তীব্র আক্রমণ করতে দেখা গেল তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। একশো দিনের কাজ থেকে নানা ইস্যুতে কেন্দ্রকে কোণঠাসা করার পাশাপাশি বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক তাস খেলার অভিযোগেও সরব হলেন অভিষেক।
শনিবাসরীয় সভায় কেন্দ্র সরকার বকলমে বিজেপিকে (BJP) তোপ দেগে তিনি বলেন, ”এরা শুধুমাত্র তৃণমূলের শত্রু নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শত্রু নয়। এরা বাংলার শত্রু, আলিপুরদুয়ারের শত্রু, আপনার শত্রু, কৃষকের শত্রু, শ্রমিকের শত্রু, ছাত্রর শত্রু, যুবর শত্রু… সবার শত্রু। গায়ের জোরে টাকা আটকে রেখেছে।”
[আরও পড়ুন: অনির্বাণ-অপর্ণাদের পালটা! রামনবমী হিংসা নিয়ে ‘বঙ্গ বিবেক’ জাগাতে মিছিলের ডাক গেরুয়া বুদ্ধিজীবীদের]
দেশের নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে খোঁচাও দিতে দেখা যায় অভিষেককে। ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, ”ওরা বলেছিল না আচ্ছে দিন আনেওয়ালে হ্যায়? সরষের তেলের দাম দু’শো টাকা। আপনি যদি বাজারে গিয়ে বলেন, জয় শ্রীরাম, সরষের তেলটা ফ্রিতে পান? বিজেপি জিন্দাবাদ বলে পান? খুব তো জয় শ্রীরামের নামে ভোট চেয়েছিল!” তাঁর আরও কটাক্ষ, বালাকোটের নামে বিজেপি ভোট চেয়েছে। ‘হিন্দু খতরে মে’ বলে ভোট চেয়েছে। এভাবেই কেন্দ্রের বঞ্চনার পাশাপাশি সাম্প্রদায়িকতা নিয়েও বিজেপিকে এদিন তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক। প্রশ্ন তোলেন, ”কী করেছে ওরা হিন্দু ধর্মের জন্য?”
সেই সঙ্গেই তাঁর আরজি, ”আর কোনও দিন জাতি, ধর্ম আর ভাঁওতাবাজির কথা শুনে এদের ভোট দেবেন না।” এভাবেই এদিন আলিপুরদুয়ারে পঞ্চায়েত ভোটের দামামা বাজিয়ে দিলেন তিনি। রাজ্যে সম্প্রতি হয়ে যাওয়া সাম্প্রদায়িক অশান্তির আবহে তাঁর এহেন বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
[আরও পড়ুন: হাসপাতালে ভরতি কাঞ্চনা মৈত্র, কী হয়েছে অভিনেত্রীর?]
পাশাপাশি অভিষেকের অভিযোগ, বিজেপি জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের জন্য কাজ করেনি। বঞ্চনা নিয়েও সরব হয়নি। তাই রাস্তায়, চায়ের দোকানে তাঁদের দেখতে পেলে ঘেরাওয়ের পরামর্শ দিলেন অভিষেক। তাঁর কথায়, “হাতজোড় করে তাঁদের প্রশ্ন করুন, কোথায় আমাদের ১০০ দিনের টাকা? কোথায় আমাদের আবাসের টাকা?”
