এক পূর্ব পরিচিত উত্যক্ত করার সাহায্য চেয়ে স্থানীয় তৃণমূল নেতার কাছে গিয়েছিলেন মহিলা। কিন্তু সাহায্য করা তো দূরের কথা, উলটে ওই মহিলাকেই কুপ্রস্তাব দেওয়া হয় বলে অভিযোগ। প্রস্তাবে রাজি না হওয়ায় প্রকাশ্য রাস্তায় ওই মহিলাকে নিগ্রহ করার অভিযোগও ওঠে। শেষপর্যন্ত ওই তৃণমূল নেতার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহিতে।
মাধবডিহি এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা হিসেবে অনেক বছর ধরে পরিচিত ওই অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, গত বছর ২১ ডিসেম্বর দুপুরে বাপেরবাড়ি থেকে বাজারে যাচ্ছিলেন ওই মহিলা। অভিযোগ, মহিলার এককালে স্কুলের সহপাঠী এক ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়েছিল। আচমকাই ওই মহিলা তাঁর পথ আটকে হেনস্থা শুরু করেন বলে অভিযোগ। লজ্জা ও পারিবারিক সম্মানের কথা ভেবে প্রথমে কাউকে এই বিষয়ে তিনি কিছু বলেননি।
পরবর্তী সময়ে তিনি শ্বশুরুবাড়ি ফিরে গিয়ে এলাকার ওই তৃণমূল নেতাকে বিষয়টি জানিয়ে সাহায্য চেয়েছিলেন। এর ফল আরও ভয়ানক হবে, আঁচ করতে পারেননি ওই মহিলা। অভিযোগ, এরপর থেকেই তাঁকে কুপ্রস্তাব দেওয়া শুরু করেন ওই তৃণমূল নেতা। প্রস্তাবে রাজি না হলে শুরু হয় মানসিক চাপ দেওয়া। গত ১৬ আগস্ট বাড়ি থেকে দোকানে যাচ্ছিলেন ওই মহিলা। অভিযোগ, ওই তৃণমূল নেতা প্রকাশ্য রাস্তায় তাঁকে হেনস্থা করেন। কোনওরকমে ওই এলাকা থেকে পালিয়ে রক্ষা পেয়েছিলেন অভিযোগকারীনি। এরপরই তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
সোমবার ওই তৃণমুল নেতাকে গ্রেপ্তার করে মাধবডিহি থানার পুলিশ। গতকাল, মঙ্গলবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে রাখার আবেদন জানায় আদালতে। বিচারক ধৃতকে দু'দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
