shono
Advertisement

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি, বিতর্কে তৃণমূল নেতা

তৃণমূল নেতার ছবি ভাইরাল হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য।
Posted: 09:13 PM Oct 26, 2023Updated: 09:13 PM Oct 26, 2023

ধীমান রায়, কাটোয়া: অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে বসে রয়েছেন এক তৃণমূল নেতা। পরনে লুঙ্গি, গেঞ্জি। কাঁধে ঝুলছে গামছা। একটি বাঁশের তৈরি মাচার উপর বসে কিছুটা উদাস ভঙ্গিতে। পূর্ব বর্ধমানের আউশগ্রামের অমরপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের ৭ নম্বর বুথের তৃণমূলের সভাপতি সাইদুর রহমান মোল্লা ওরফে বুলেটের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বৃহস্পতিবার তাঁর এই ছবি ভাইরাল হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

অভিযোগ, বেআইনি অস্ত্র হাতে এভাবেই এলাকায় দাপট দেখিয়ে যান ওই তৃণমূল নেতা। যদিও অমরপুর অঞ্চল তৃণমূল সভাপতি গোলাম মোল্লা বলেন, “বিষয়টি আমার কানে এসেছে। আমি বুলেটের সঙ্গে কথা বলি। তারপর জানতে পারি একটি খেলনা বন্দুক হাতে ওই ছবি প্রায় ৬ বছর আগের তোলা ছিল। সেটি এখন কেউ চক্রান্ত করে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দিয়েছে।” জানা গিয়েছে, আউশগ্রাম ২ ব্লকের অমরপুর অঞ্চলের বিষ্ণুপুর গ্রামের বাসিন্দা সাইদুর রহমান মোল্লা ওরফে বুলেট এলাকায় শাসকদলের এক সক্রিয় কর্মী বলে পরিচিত। তিনি তাঁর গ্রামের বুথে দলের হয়ে নেতৃত্ব দেন। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনের সময় আউশগ্রামের বিষ্ণুপুর গ্রামে এক সিপিএম কর্মী খুন হন। ওই খুনের ঘটনায় অভিযুক্ত সাইদুর রহমান মোল্লা। যদিও পুলিশের খাতায় এখনও তিনি ফেরার।

[আরও পড়ুন: মেট্রোর জন্য ময়দান চত্বরে কাটা যাবে না গাছ, অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাই কোর্ট]

এদিন বুলেটের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যে ছবিটি দেখে অনেকেই কার্যত আঁতকে উঠেছেন। একটি আগ্নেয়াস্ত্র হাতে বুলেটের ছবিটি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে পড়ে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সিপিএমের স্থানীয় নেতা সুদীপ্ত দত্ত বলেন, “ওই তৃণমূল নেতার যে ছবি ভাইরাল হয়েছে তার মধ্যে নিশ্চয়ই সত্যতা কিছু আছে। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।” এই ঘটনায় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপির আউশগ্রাম বিধানসভার কনভেনার চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

তবে এদিন যখন তৃণমূল অঞ্চল সভাপতি গোলাম মোল্লার সঙ্গে কথা বলা হচ্ছিল তখন তিনি তাঁর ফোনটি ধরিয়ে দেন অভিযুক্ত বুলেটকে। বুলেট দাবি করেন, “প্রায় ৬ বছর আগে গ্রামের একটি মাচায় আমি বসেছিলাম। তখন একজন একটি খেলনা বন্দুক নিয়ে আসে। সবাই দেখাদেখি করছিল বলে আমিও হাতে তুলে দেখছিলাম। সেসময় কেউ আমার অজান্তে ছবি তুলে নিয়েছিল। এখন চক্রান্ত করে ভাইরাল করে দিয়েছে।”

[আরও পড়ুন: পুজোয় রেকর্ড লক্ষ্মীলাভ, ৬ কোটি টাকারও বেশি আয় কলকাতা মেট্রোর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement