shono
Advertisement
Humayun Kabir

'বিরোধী হলে শায়েস্তা করতে ২৪ ঘণ্টা সময় লাগত না', এবার পুলিশকে হুঁশিয়ারি হুমায়ুনের

অনুব্রত মণ্ডলের হুমকি নিয়ে তোলপাড়ের মাঝে বিতর্কে ভরতপুরের তৃণমূল বিধায়ক।
Published By: Sayani SenPosted: 10:34 AM Jun 02, 2025Updated: 10:50 AM Jun 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোলপুর থানায় আইসিকে কদর্য ভাষায় আক্রমণের অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় বিপাকে অনুব্রত মণ্ডল। তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে এবার পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। দলীয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে উর্দিধারীদের রীতিমতো বিধায়ক হুমকি দিতে পারেন, প্রশ্ন বিরোধীদের।

Advertisement

হুমায়ুন কবীর বলেন, "লালগোলা, বড়ঞা, সামশেরগঞ্জ, ভরতপুর থানায় এমন কিছু কর্মকাণ্ড ঘটে যাতে সাধারণ মানুষের হয়রানি হয়। যদি বিরোধী আসনে থাকতাম ২৪ ঘণ্টা সময় লাগত না শায়েস্তা করতে। কিন্তু আমরা সরকারে রয়েছি। আমার হাতে পায়ে বেড়ি পরানো রয়েছে, তাই কিছু করতে পারছি না।" রবিবার এক দলীয় অনুষ্ঠানে ভরতপুরের বিধায়ক একথা বলেন বলেই খবর। এই মন্তব্যের জেরে স্বাভাবিকভাবে আরও একবার বিতর্কে জড়ালেন হুমায়ুন কবীর। তাঁকে নিয়ে নানা মহলে চলছে জোর চর্চা।

উল্লেখ্য, সম্প্রতি দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। একেবারে কদর্য ভাষায় বোলপুরের আইসিকে আক্রমণ করেন তিনি। যার অডিও ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল। দল তাঁকে চার ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। মাত্র ৩৮ মিনিটের মধ্যে ক্ষমা চেয়ে নেন অনুব্রত। সুব্রত বক্সির কাছেও ছোট্ট চিঠি লিখে ক্ষমা চেয়ে নেন দাপুটে নেতা। তবে তা সত্ত্বেও বারবার পুলিশি তলব এড়াচ্ছেন অনুব্রত। শনি ও রবিবার পরপর দু'বার পুলিশি তলবে সাড়া দেননি তিনি। শনিবার অনুব্রতকে 'অসুস্থ' বলে দাবি করেন তাঁর আইনজীবীরা। আবার রবিবার বলা হয় তৃণমূল নেতা 'বেড রেস্টে' থাকায় হাজিরা দিতে পারছেন না। আদতে কেন তলবে সাড়া দিচ্ছেন না প্রাক্তন জেলা তৃণমূল সভাপতি, স্বাভাবিকভাবে চলছে জোর চর্চা। সূত্রের খবর, আগাম জামিনের আবেদনে হয়তো সোমবারই আদালতের দ্বারস্থ হতে পারেন তৃণমূল নেতা। তবে তাঁর বিরুদ্ধে ঠিক কেমন শাস্তির খাঁড়া নেমে আসবে, তা স্পষ্ট নয়। এই আবহেই আবার পুলিশকে আক্রমণ করে বিপাকে হুমায়ুন কবীরও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বোলপুর থানায় আইসিকে কদর্য ভাষায় আক্রমণের অডিও ক্লিপ ভাইরাল হওয়ায় বিপাকে অনুব্রত মণ্ডল।
  • এই পরিস্থিতিতে এবার পুলিশের বিরুদ্ধে সুর চড়ালেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
  • দলীয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে উর্দিধারীদের রীতিমতো বিধায়ক হুমকি দিতে পারেন, প্রশ্ন বিরোধীদের।
Advertisement