খাবার অর্ডার করেছিলেন। খাবার পাননি। অথচ অর্ডার বাতিল করে দিতে হয়েছে 'ক্যানসেলশন চার্জ'। আর তারই প্রতিবাদে সরব কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। এক্স হ্যান্ডেলে অনলাইন খাবার ডেলিভারি অ্যাপ 'সুইগি'র বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। এই নিয়ে তৃতীয়বার ওই সংস্থার বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি।
তৃণমূল সাংসদ দিল্লির জনপ্রিয় রেস্তরাঁ থেকে খাবার অর্ডার করেছিলেন। যা তাঁর শেয়ার করা স্ক্রিনশটেই স্পষ্ট। এক্স হ্যান্ডেলে মহুয়া 'সুইগি'কে ট্যাগ করে লেখেন, "এই নিয়ে তৃতীয়বার বিনা কারণেই খাবার অর্ডার বাতিল করলেন। অথচ 'ক্যানসেলেশন ফি' হিসাবে পুরো বিলের ১ হাজার ৪৫৭ টাকা কেটে নিলেন। এত রাতে খাবারও পেলাম না। আবার কাস্টমার সার্ভিস থেকেও কোনও সাহায্য পেলাম না।"
মহুয়ার সঙ্গে সহমত পোষণ করেন অনেকেই। তাঁরা নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। ওই ফুড ডেলিভারি অ্যাপের বিরুদ্ধে কাস্টমার সার্ভিস এবং ক্যানসেলেশন নীতি নিয়ে প্রশ্ন তোলেন। এক্স হ্যান্ডেলে 'সুইগি' এই ঘটনার পালটা জবাব দেন। সংস্থার তরফে জানানো হয়, "এই অভিজ্ঞতা অত্যন্ত হতাশার। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করছি। অর্ডার বাতিল হওয়া এবং সংশ্লিষ্ট চার্জ খতিয়ে দেখে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।"
বলে রাখা ভালো, এর আগেও 'সুইগি'কে নিয়ে ক্ষোভ উগরে দেন মহুয়া মৈত্র। এই নিয়ে পরপর তিনবার অর্ডার না পাওয়ার পরেও ক্যানসেলেশন চার্জ দিতে হয়েছে তাঁকে।
