সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বুথ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র পশ্চিম বর্ধমানের কাঁকসা গ্রাম পঞ্চায়েত। ঘটনাস্থল কাঁকসার হিন্দি হাই স্কুলের ৬৯, ৭২, ৭৩ ও ৭৪ নম্বর বুথ। অভিযোগ, সকালে ভোট গ্রহণ শুরু হতে না হতেই সংশ্লিষ্ট বুথগুলিতে ঢুকে পড়ে বহিরাগত তৃণমূল কর্মীরা। আগ্নেয়াস্ত্র হাতে বুথ দখলের চেষ্টা শুরু করলে আসরে নামে সিপিএম ও বিজেপি। এই দুই বিরোধীদল প্রায় একযোগে বহিরাগত তৃণমূল কর্মীদের উপরে চড়াও হয়। তাদের চিহ্নিত করে চলে বেধড়ক মারধর। মারধরের পর আহত তৃণমূল কর্মীদের ফেলে রাখা হয় দু’নম্বর জাতীয় সড়কের উপরে। এদিকে অশান্তির খবর পেয়েও তৎক্ষণাৎ ঘটনাস্থলে ঢুকতে পারেনি কাঁকসা থানার পুলিশ। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে বিজেপি ও সিপিএম কর্মীদের ক্ষোভের মুখে পড়ে। আহত দুই তৃণমূল কর্মীকে উদ্ধার করেছে পুলিশ। তাদের কাঁকসা রাজবাজার বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। প্রায় দু ঘণ্টার মতো সময় গোটা পানাগড় বাজার চলে যায় বিজেপি ও সিপিএমের দখলে।
[পঞ্চায়েতের বলি তৃণমূল কর্মী, কুলতলিতে গুলি করে খুন]
অন্যদিকে কাঁকসার বিহারপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বুথ দখলের চেষ্টা করলে তা রুখে দেয় সিপিএম কর্মীরা। সেখানেও উত্তেজনা ছড়িয়েছে। চলছে পুলিশি টহলদারি। তবে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের এই দু’জায়গায় উত্তেজনা থাকলেও ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। একেরপর এক গন্ডগোলের খবর আসছে গোটা রাজ্য জুড়ে। এগ্রা বুথের সামেন গ্রামের বাসিন্দাদের লাইন। সেখানেই পড়ল বোমা। অভিয়োগ বুথের ভিতর থেকে ভোটারদের বের করে দিয়ে শুরু হয় বোমাবাজি। কুলতলিতে তৃণমূলকর্মী খুন হয়েছেন। কাকদ্বীপে জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সিপিএম কর্মী ও তাঁর স্ত্রীর। শান্তিপুরে ভোট করাতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে মৃত্যু হয়েছে বছর সাতাশের যুবকের। গণতন্ত্রের এহেন উৎসবে আতঙ্কিত সাধারণ মানুষ।
ছবি : উদয়ন গুহ রায়
[বুথের মধ্যেই আক্রান্ত বিজেপির মহিলা প্রার্থী, শাড়ি ছেঁড়ার অভিযোগ]
The post বুথ দখলকে কেন্দ্র করে রণক্ষেত্র কাঁকসা, ‘বহিরাগত’ তৃণমূল কর্মীদের বেধড়ক মার appeared first on Sangbad Pratidin.
