shono
Advertisement
West Bengal Weather Update

বসন্তের আকাশে কালো মেঘের ঘনঘটা! দক্ষিণের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস, ভিজবে উত্তরও

ইতিমধ্যেই মেঘলা আকাশ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।
Published By: Subhankar PatraPosted: 11:20 AM Feb 22, 2026Updated: 01:08 PM Feb 22, 2026

বঙ্গোপসাগরের থেকে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ। উত্তরবঙ্গে পরপর পশ্চিমী ঝঞ্ঝা। তাতেই কলকাতা-সহ দক্ষিণের ৮ জেলা ও উত্তরের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় আংশিক মেঘলা আকাশের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।

Advertisement

তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে এমনটা নয়। বরং তাপমাত্রা বৃদ্ধির কথা শুনিয়েছে হাওয়া অফিস। কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে। বাড়বে দিনের তাপমাত্রাও।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এটির অভিমুখ হবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। আগামী ২৪ ঘণ্টায় 'রিকার্ভ' হয়ে পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে একটি নিম্নচাপ। এই সব মিলিয়ে বৃষ্টি সম্ভাবনা বাড়ছে।

ইতিমধ্যেই মেঘলা আকাশ শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। ওড়িশা ও সংলগ্ন উপকূলের জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে।

এদিকে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। দিনের তাপমাত্রাও ৩১ ডিগ্রিতে। বাড়তে পারে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও। আজ, শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৩ ডিগ্রি।

অন্যদিকে, উত্তরবঙ্গে সোম ও মঙ্গলবার পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টিপাত। বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আগামী কয়েক দিনে তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement