ভোটের আগে বর্ধমানে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। একটি চারচাকা গাড়ির ভিতর থেকে ছয় লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেপ্তার বাঁকুড়ার সাংসদ সৌমিত্র খাঁ ঘনিষ্ঠ দুই যুবক। কী কারণে এত টাকা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই প্রশ্নের কোনও জবাব মেলেনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। টাকা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম সৌরভ ঘড়ুই ও বাপন হাঁসদা। তাঁর দু'জনই বাঁকুড়ার বাসিন্দা। সৌরভ ঘড়ুইয়ের বাড়ি বাঁকুড়ার বেলিয়াতোর থানার বদরকোদা এলাকায়। বাপন হাঁসদা ওই জেলার চন্দ্রা এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, এদিন সকালে গাড়িটি দুর্গাপুর থেকে বর্ধমান শহরে এসেছিল। ফের দুর্গাপুরের দিকে যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে, বর্ধমানের উপকণ্ঠে রেনেসাঁ উপনগরীর ভিতরে গাড়িটিকে আটকায় পুলিশ। গাড়িটি থেকে ছয় লক্ষাধিক টাকা নগদ উদ্ধার করেছেন তদন্তকারীরা।
এত টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? ধৃত যুবকদের কাছে জানতে চাওয়া হলে, তাঁরা সেই উত্তর দিতে পারেননি। জানান, ব্যবসার টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার পর তাঁরা কোনও সদুত্তর বা কাগজ দেখাতে না পারায় প্রথমে তাঁদের আটক করা হয়। পরে গ্রেপ্তার করা হয়েছে। ভোটের মুখে লক্ষাধিক টাকা নিয়ে ঘোরাঘুরি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
