shono
Advertisement
Birbhum

কুপ্রস্তাবে রাজি না হওয়ার 'শাস্তি', বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নেড়া করল ৩ যুবক

আতঙ্কে গ্রামে ফিরতে পারছেন না গৃহবধূ।
Published By: Sayani SenPosted: 09:04 PM May 16, 2024Updated: 09:04 PM May 16, 2024

নন্দন দত্ত, সিউড়ি: তিন যুবকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধুকে বাড়ি থেকে অপহরণের অভিযোগ। পরে নেড়া করে দেওয়ার অভিযোগ। বুধবার রাতের এই ঘটনায় সাঁইথিয়া থানার রোঙাইপুর গ্রামে ব্যাপক চাঞ্চল্য। অভিযুক্ত তিন যুবক মোহিত কোঁড়া, বিরোদ কোঁড়া ও অর্জুন কোঁড়া গ্রামছাড়া। আতঙ্কে গ্রামে ফিরতে পারছেন না গৃহবধূ। অথচ ঘরে রয়েছে অসুস্থ বাবা-মা এবং বছর পাঁচেকের শিশুপুত্র। সন্তানের জন্য
সাঁইথিয়া থানার পুলিশের কাছে উদ্বেগ প্রকাশ করেন বধূ। তিনি বলেন, "ঘরে অসুস্থ বাবা-মা আছে। তাঁদের কী হবে জানি না!" সাঁইথিয়া থানার পুলিশ আপাতত কয়েকদিন তাঁকে গ্রামে যেতে নিষেধ করেছে। গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য সাইদুর রহমান জানান, "আইন হাতে তুলে নেওয়া খুব অন্যায়। আইন তার নিজের পথে চলুক।"

Advertisement

স্বামী পরিত্যক্তা ওই গৃহবধূ এলাকায় পরে থাকা প্লাস্টিক কুড়িয়ে জীবনযাপন করে। বাড়িতে ছেলে, মা আর অসুস্থ বাবা। তিনি জানান, "বেশ কিছুদিন ধরেই ওই তিন যুবক তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল। তাতে সাড়া দিইনি। বুধবার দুপুরে ব্যাংকে আসি। সেখানে কয়েকজন পরিচিতর সঙ্গে দেখা হয়। তাঁদের সঙ্গে কথা বলি। সেই কথা বলার ছবি ভিডিও করে গ্রামে ছড়িয়ে আমাকে দুশ্চরিত্রা অপবাদ দিতে চায় ওই তিন যুবক। সেই অভিযোগে বুধবার রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মাথার চুল কেটে নেড়া করে দেয়।"

[আরও পড়ুন: ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়, মালদহে বজ্রপাতে মৃত অন্তত ১১]

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই বধূ রেললাইনের পাশে দিয়ে মহিষাডহরি গ্রামের এক যুবকের সঙ্গে হেঁটে যাচ্ছেন। সেই ভিডিওর সূত্র ধরে যুবকরা গৃহবধূকে বুধবার রাতে মারধর করেন। চুলও কেটে দেয়। গৃহবধূ জানান, "আমার উপর অত্যাচারের সময় খুব চিৎকার করলেও প্রতিবেশীরা কেউ আসেননি। তিন যুবক রাজনীতি করে না। তবে গ্রামে দাদাগিরি করে। যখন যা চায় তাদের সেটা পৌঁছে দিতে হয়।" জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "মহিলার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে সাঁইথিয়া থানায়। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির নির্দেশ দিয়েছি। অভিযুক্তরা এখন এলাকাছাড়া।"

[আরও পড়ুন: যৌনকেশ কি সঙ্গমের মাত্রা বাড়ায়? জেনে নিন বিশেষজ্ঞদের মত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কুপ্রস্তাবে রাজি না হওয়ার 'শাস্তি'।
  • বধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নেড়া করল ৩ যুবক।
  • আতঙ্কে গ্রামে ফিরতে পারছেন না গৃহবধূ।
Advertisement