shono
Advertisement
Kriti Sanon

ছোট বোনের পর এবার বিয়ের পিঁড়িতে কৃতী শ্যানন? ফাঁস করলেন ভগ্নিপতি

লন্ডন নিবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী কৃতি শ্যানন। এমনই গুঞ্জন মায়ানগরীর সিনেপাড়ায়। বোনের পর কবে বিয়ের পিঁড়িতে কৃতী? চর্চার মাঝে এবার মোক্ষম জবাব ভগ্নিপতির।
Published By: Kasturi KunduPosted: 09:53 PM Jul 02, 2026Updated: 09:53 PM Jul 02, 2026

‘ককটেল ২’-এ ‘অ্যালি’র চরিত্রে দর্শক মনকে ব্যাপক প্রভাবিত করেছেন কৃতী শ্যানন। সেই সুবাদে চর্চায় রয়েছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি কৃতীর ব্যক্তিগতজীবনও বারবার উঠে আসে পেজ থ্রির খবরে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস লন্ডন নিবাসী ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে ডেট করছেন। বহুবার যুগলের উপস্থিতি তাঁদের সম্পর্কের গুঞ্জনকে আরও জোরাল করেছে। যদিও প্রকাশ্যে কখনই ভালোবাসায় সিলমোহর দেননি। এদিকে তো কৃতীর অনুরাগীরা তাঁর বিয়ে নিয়ে অত্যুৎসাহী। ছোট বোন নুপূর শ্যাননের বিয়ের পরই ভক্তকুল জানতে আগ্রহী কবে মিস টু মিসেস হচ্ছেন কৃতী শ্যানন?

Advertisement

সাম্প্রতিক অতীতে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেত্রী। সেখানেই কৃতী শ্যাননের কাছে বিয়ের প্রসঙ্গে উত্থাপন করেন সঞ্চালক। রীতিমতো বিরক্তিপ্রকাশ করে কৃতী বলেছিলেন, "বাবা-কাকাদের মতো প্রশ্ন করছেন। আমি কবে বিয়ে করছি। আরে, জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।"

ছাদনাতলায় কবে যাবেন কৃতী?

তাঁর সমর্থনেই এবার মুখ খুললেন ভগ্নিপতি স্টেবিন বেন। তিনিও এই বিষয়টি নিয়ে একপ্রকার বিরক্ত। কেন বারবার বিয়ে প্রসঙ্গ উত্থাপন করা হয় সেটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্যালিকার বিয়ে প্রসঙ্গে বলেন,"মানুষ কেন বারবার এই প্রশ্ন করেন আমি জানি না। ওঁর ছোট বোনের বিয়ের পর থেকেই সবাই বলতে শুরু করেছে, এবার কৃতীর পালা।"

কৃতী-কবীর

তিনি আরও বলেন, "কৃতী নিজের কেরিয়ারে অসাধারণ সাফল্য অর্জন করেছে। একটি ছোট শহর থেকে উঠে এসে নিজের যোগ্যতায় এতদূর পৌঁছেছে এবং নিজের পরিচয় তৈরি করেছে। ওকে সময় দিন। কৃতী যতদিন না মনে করছে যে সে তাঁর জন্য সঠিক মানুষটিকে খুঁজে পেয়েছে এবং বিয়ের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়েছে ততদিন একটু অপেক্ষা করুন। বিয়ের জন্য তাড়াহুড়ো করার কী দরকার? বিয়ে নিয়ে কোনও তাড়া নেই। জীবন কোথাও পালিয়ে যাচ্ছে না।"

এছাড়াও স্টেবিন বেন জানান, তিনি কৃতী স্যাননের প্রতি গভীর শ্রদ্ধাশীল। জোর দিয়ে নিজের মত ব্যক্ত করতে গিয়ে বলেন, "বিয়ে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এবিষয়ে অন্যের মতামত বা সামাজিক চাপের ভিত্তিতে কোনও সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement