বারান্দায় পড়ে মোবাইল। সঙ্গে রয়েছে চিরকুটও। তাতে লেখা মোবাইলে রয়েছে বধূর স্নানের ছবি ও ভিডিও। ১০ লক্ষ টাকা না দিলে সেগুলি ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। ব্ল্যাকমেল করে লেখা চিঠিতে নিজেদের মহিলা বলে দাবি করেছেন সমাজবিরোধীরা। এই চিঠি পাওয়ার পরই পুলিশের দ্বারস্থ যুবতীর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) পূর্বস্থলীর নাদনঘাট থানা এলাকায়। ওই বধূর বাড়ি পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর এলাকায়। স্বামী টোটো চালক। বুধবার তাঁর বাড়ির সামনে কে বা কারা একটি মোবাইল-সহ একটি চিরকুট ফেলে রেখে যায়। ঘর পরিষ্কারের সময় তিনি সেটি দেখতে পান। প্লাস্টিক খুলতেই কার্যত অকুল পাথারে পড়েন যুবতী। তিনি দেখেন চিরকুটে লেখা রয়েছে, 'দিদি মোবাইলে তোমার ছবি আছে দেখ।' সেই মতো মোবাইলের ফটো গ্যালারি খুলতেই চোখ কপালে ওঠে বধূর। সেখানে তাঁর বেশ কিছু স্নানদৃশ্যের ছবি ও ভিডিও রয়েছে। মহিলার অভিযোগ, ওই ছবি দেখিয়ে ১০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। তা না দিলে ছবি ও ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
যুবতীর দাবি, যারা এই হুমকি চিঠি লিখেছেন, তারা নিজেদের মহিলা হিসেবে পরিচয় দিয়েছে। তাঁকে দিদি সম্বোধন করে লিখেছে, 'আমরা মহিলা। গোপনে ভিডিয়ো তৈরি করে বিক্রি করি। তোমার ছবি বিক্রির আগে তোমাকে জানিয়ে দিলাম। ১০ লাখ টাকা দিলে বিক্রি করব না।' আরও অভিযোগ, এই কথা কাউকে জানালে পরিণাম ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়েছে।
এই ঘটনার পরই বিপদে পড়েন গৃহবধূ ও তাঁর পরিবার। স্বামীকে বিষয়টি জানান তিনি। তারপরই তাঁরা থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেন দম্পতি। থানায় অভিযোগ জানিয়ে, ওই মোবাইল ও চিরকুটটি পুলিশের হাতে তুলে দিয়েছেন গৃহবধূ। অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
