নন্দন দত্ত, সিউড়ি: ‘প্রাক্তন প্রেমিকার বাবাকে চ্যালেঞ্জ জানাতেই মেয়ের নগ্ন ছবি ফেসবুকে ছেড়ে দিয়েছি।’ রবিবার সিউড়ির বিশেষ আদালতে বিচারকের সামনে এমনই স্বীকারোক্তি দিল ধৃত কওসর আলি। এই স্বীকারোক্তিকে ঘিরেই চাঞ্চল্য ছড়াল আদালত কক্ষে। এদিন সিউড়ির মুখ্য বিচার বিভাগীয় আদালতের বিচারক সুপ্রিয়া খান ধৃত কওসরকে তিনদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
[গাছে ঝুলন্ত দুই কঙ্কালকে ঘিরে চাঞ্চল্য সালানপুরে]
ধৃত কওসর ডাক্তারির প্রথম বর্ষের পড়ুয়া। প্রাক্তন প্রেমিকার আপত্তিকর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে কওসর। এমনই অভিযোগ তার বিরুদ্ধে। শনিবার সিউড়ি থানায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্তে নামে পুলিশ। কওসরকে ওইদিন রাতেই বর্ধমানের এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাক্তন প্রেমিকার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কওসরের বিরুদ্ধে বিবিধ মামলা দায়ের করেছে সিউড়ি থানার পুলিশ। এরমধ্যে রয়েছে বিশ্বাসভঙ্গ, গোপনীয়তা নষ্ট করার মতো ধারায় মামলা রুজু হয়। এতগুলি গুরুত্বপূর্ণ ধারায় অভিয়োগ দায়ের হওয়ায় ধৃতের জামিন নামঞ্জুর করে দেন বিচারক। এরপরেই আসরে নামেন দু’তরফের আইনজীবীরা। ধৃতের আইনজীবী আদালতে মক্কেলের পড়াশোনার প্রসঙ্গ তুলে জামিনের আরজি জানান। অন্যদিকে ওই তরুণীর আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের আপত্তিকর ছবি পোস্ট করে সামাজিক সম্মানহানি করেছে কওসর। বার বার নিষেধ করেও এহেন গর্হিত অপরাধ থেকে তাকে রোখা যায়নি।
[রায়গঞ্জে এসডিও নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার আরও একজন শিক্ষক]
এদিকে জবানবন্দিতে ওই ছাত্রী জানিয়েছেন, তাঁদের ছ’বছরের প্রেম ছিল। ক্লাস নাইন থেকে পরিচয় ও প্রেম। তবে ঝগড়াই বেশি হত। একটা সময় পর বিরক্ত হয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। তাও একবছরের বেশি হয়ে গিয়েছে। অভিযোগ, এরপরেই তাঁকে হুমকি দিতে থাকে কওসর। শেষে আপত্তিকর ছবি ফেসবুকে ছেড়ে দেওয়া হয়।। এই সওয়াল জবাবের মধ্যেই কথা বলে ওঠে ধৃত যুবক। বিচারককে উদ্দেশ্য করে বলে, ‘ম্যাডাম আমি ওর বাবাকে বলেছিলাম। ওর বাবা আমাকে ফোনে চ্যালেঞ্জ করেছিল। সেই ভয়েস রেকর্ডও আছে। আমি তাই ফেসবুকে ছেড়ে দিয়েছি।’ এরপরেই সিউড়ি থানার পুলিশ কওসরের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে।
ছবি: বাসুদেব ঘোষ
The post প্রাক্তন প্রেমিকার বাবাকে চ্যালেঞ্জ দিতেই তরুণীর নগ্ন ছবি পোস্ট, স্বীকারোক্তি ধৃতর appeared first on Sangbad Pratidin.
