পুঁথিগত বিদ্যার পাঠ শেষ। এবার বৃহত্তর জীবনের আঙিনায় পা রাখার পালা। মঙ্গলবার অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের বারাসাত ক্যাম্পাসে নবম সমাবর্তন অনুষ্ঠানে ধরা পড়ল এমনই এক আবেগঘন মুহূর্ত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে ডিগ্রি তুলে দিলেন বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে নবীন গবেষক ও পড়ুয়াদের সামাজিক দায়বদ্ধতার পাঠ দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
অনুষ্ঠানে উপস্থিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস
এ দিনের অনুষ্ঠানে মোট ১৫২৭ জন পড়ুয়াকে ডিগ্রি প্রদান করা হয়। যার মধ্যে স্নাতক স্তরের ৯৯২ জন, স্নাতকোত্তরের ৪৫৭ জন এবং ২২ জন গবেষক পিএইচডি ডিগ্রি লাভ করেন। এ ছাড়াও ৫৪ জন ডিপ্লোমা এবং জাতীয় শিক্ষানীতির (এনইপি) অধীনে থাকা ২ জন পড়ুয়াকেও ডিগ্রি দেওয়া হয়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের হাতে ১২টি স্বর্ণপদক ও ২০টি রৌপ্যপদক তুলে দেওয়া হয়।
ছাত্রছাত্রীদেরকে অনুষ্ঠানে সম্মানিত করা হয়
রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, "জ্ঞান এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমেই সমাজকে সঠিক দিশা দেখানো সম্ভব। যুব সমাজকে নৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশের উন্নতিতে এগিয়ে আসতে হবে।" অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অধ্যাপক শমিত রায় এবং উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস। উপস্থিত ছিলেন এআইসিটিই-র প্রাক্তন চেয়ারম্যান টি জি সীতারাম, ভিএলএসআই সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতি সত্য গুপ্ত-সহ অন্য বিশিষ্টজনেরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাম্মানিক ডি-লিট প্রদান। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ইন্দ্রজিৎ মিত্র, আশিস আগরওয়াল, অজিত সিং এবং প্রীতম নাগারগারিকে এ দিন সাম্মানিক ডক্টরেট দেওয়া হয়। চ্যান্সেলর শমিত রায় বলেন, "সমাবর্তন মানে কেবল পড়াশোনার শেষ নয়, এটি বৃহত্তর দায়িত্বের শুরু। আমরা এমন সমাজমনস্ক ও দক্ষ নেতৃত্ব তৈরি করতে চাই, যারা বিশ্বমঞ্চে ছাপ রাখতে পারবে।"
উপস্থিত ছিলেন বহু বিশিষ্টজন
ন্যাক (NAAC) ‘এ’ গ্রেড প্রাপ্ত এই শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকেই গবেষণাধর্মী পড়াশোনায় জোর দিয়েছে। এ দিনের সমাবর্তন সেই প্রচেষ্টাকেই আরও একবার মান্যতা দিল।
