shono
Advertisement
Diamond Harbour

নারীদের স্বনির্ভর করতে নতুন স্কিল ইনস্টিটিউট 'অনন্যা', মিলবে কর্মমুখী প্রশিক্ষণ

সোমবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের পথচলা শুরু হয়।
Published By: Buddhadeb HalderPosted: 09:05 PM Sep 07, 2026Updated: 09:05 PM Sep 07, 2026

গ্রামীণ নারীদের স্বনির্ভর করতে নয়া পদক্ষেপ করল ‘জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি’। মহিলাদের আত্মনির্ভর করা ও নতুন উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে কলকাতার ডায়মন্ড হারবার রোডের মিনার্ভা গার্ডেনে গড়ে উঠল ‘অনন্যা’ নামের এক স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। সোমবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কেন্দ্রের পথচলা শুরু হয়।

Advertisement

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের কর্মাধ্যক্ষ সুচীরানী দাস, বিশিষ্ট অভিনেতা অনীমেশ ভাদুড়ি এবং সংস্থার নির্দেশক ডালিয়া রায়। অনুষ্ঠানে বক্তারা নারীদের অর্থনৈতিক স্বাধীনতা ও দক্ষতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। গ্রামীণ এলাকার মহিলাদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অবশ্য শুধু মহিলা নয়, এলাকার তরুণ-তরুণীদেরও কর্মমুখী করে তুলতে এই সুবিধা দেওয়া হবে।

এখানে একাধিক কর্মমুখী কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। তালিকার মধ্যে রয়েছে প্রফেশনাল বিউটিশিয়ান, বেকারি ও কনফেকশনারি, জুয়েলারি মেকিং, হস্তশিল্প এবং নার্সারি প্ল্যান্টেশন। বিউটিশিয়ান কোর্সের মেয়াদ দুই মাস নির্ধারণ করা হয়েছে। বাকি প্রশিক্ষণগুলির সময়সীমা এক মাস। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে মিনার্ভা গার্ডেন কেন্দ্রে নিয়মিত ক্লাস শুরু হবে।

সংস্থার নির্দেশক ডালিয়া রায় জানান, গ্রামীণ নারীরা যাতে নিজস্ব এলাকায় কাজের সুযোগ পান, সেটাই এই উদ্যোগের মূল ভাবনা। প্রশিক্ষণ শেষে মহিলারা বাড়ি বসেই বিউটি পার্লার পরিষেবা, গয়না তৈরি, হস্তশিল্প বা বেকারির ছোট উদ্যোগ শুরু করতে পারবেন। এতে তাঁদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত হবে।

প্রতিষ্ঠানটিকে কেবল প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রাখতেই রাজি নন উদ্যোক্তারা। আগামী দিনে একে একটি লার্নিং ও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একটি আধুনিক লাইব্রেরি ও লার্নিং রিসোর্স সেন্টার তৈরি করা হবে। এর ফলে প্রশিক্ষণার্থীরা নতুন নতুন ব্যবসার পরিকল্পনা সাজাতে পারবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement