shono
Advertisement
TMC

পুলিশ হেফাজতেই সোমনাথের থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার! ফের হাজতে নির্মল ঘনিষ্ঠ তৃণমূল নেতা

তিনদিনের পুলিশ হেফাজতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সোমবার অভয়ার দেহ তড়িঘড়ি দাহের মামলায় পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে আদালতে তোলা হয়েছিল। জামিনের আবেদন খারিজ করে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালতে।
Published By: Suhrid DasPosted: 09:59 PM Sep 07, 2026Updated: 09:59 PM Sep 07, 2026

তিনদিনের পুলিশ হেফাজতে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। সোমবার অভয়ার দেহ তড়িঘড়ি দাহের মামলায় পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে-কে আদালতে তোলা হয়েছিল। জামিনের আবেদন খারিজ করে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিল আদালতে। এক ডেভেলপারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অন্য মামলায় এ দিনই সোমনাথকে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Advertisement

উল্লেখ্য, অভয়ার বাবা শেখররঞ্জন দেবনাথ খড়দহ থানায় অভিযোগ জানানোর পর তদন্তে নামে পুলিশ। প্রথমেই গ্রেপ্তার হন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর জয়প্রকাশ নগরের একটি আবাসন থেকে সোমনাথকে গ্রেপ্তার করে খড়দহ থানার পুলিশ। ওই মামলায় তিনদিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময়ই তাঁর কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে বলে আদালতে জানিয়েছে পুলিশ।

সরকারি আইনজীবী যদুনাথ দত্ত বলেন, “অভয়া মামলায় পুলিশ হেফাজতে সোমনাথের কাছ থেকে একটি কান্ট্রি-মেড আগ্নেয়াস্ত্র এবং অ্যামিউনেশন উদ্ধার হয়েছে। তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এক ডেভেলপারকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির মামলায় সাতদিনের পুলিশ হেফাজত হয়েছে।” ওই ডেভেলপারের কাছে পাঁচ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ রয়েছে সোমনাথের বিরুদ্ধে। অভিযোগ, তিন লক্ষ টাকা দেওয়ার পর বাকি টাকা চাইতে গিয়ে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে ভয় দেখানো হয়। সেই মামলাতেই এদিন ফের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তাঁকে।

এদিনই আরেক ডেভেলপারের কাছ থেকে ২৫ লক্ষ টাকা দাবি করে ১৮ লক্ষ টাকা নেওয়ার অভিযোগের মামলায় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের জামিনের আবেদনও খারিজ হয়েছে। দু’জনের জেল হেফাজত বহাল রেখে ২১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement