২০২৫ সালে সেলুলয়েডে মুক্তি পেয়েছিল বক্স অফিস কাঁপানো ছবি 'সাইয়ারা'। নবাগত নায়ক আহান পাণ্ডে (Ahaan Panday) ও নবাগতা অনীত পাড্ডার অন স্ক্রিন রোমান্স শিহরণ জাগিয়েছিল প্রেমিক মনে। বড় পর্দায় এমন একটা নির্ভেজাল প্রেমের ছবির রসদ দর্শক একেবারে চেটেপুটে উপভোগ করেছিল। প্রথম ছবিতেই জনপ্রিয়তার হাতছানি। 'সাইয়ারা' যে আহানকে রাতারাতি 'স্টার' বানিয়েছিল সে কথা বলার অবকাশই রাখে না। নতুন বছরে পরবর্তী ছবির শুটিং শুরু করবেন আহান পাণ্ডে। সলমন খানের সুপারহিট সিনেমার পরিচালক আলি আব্বাস জাফরের নির্দেশনায় কাজ করবেন অভিনেতা। প্রকাশ্যে প্রথম ঝলক।
'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়'-এর মতো ব্লকবাস্টার ছবির নির্মাতা আলি আব্বাস জাফরের অ্যাকশনমুখর ছবির নায়কের ভূমিকায় দেখা যাবে সাইয়ারার সেই প্রেমিক কৃশ কাপুরকে। যশ রাজ ফিল্মের ব্যানারে আলি আব্বাস জাফরের ছবিতে রোম্যান্টিক প্রেমিকের খোলস ছেড়ে থেকে অ্যাকশন হিরো হিসেবে দর্শকের হৃদয় জয় করতে পারেন কিনা সেটা তো সময় বলবে।
বলিউডের আসন্ন অ্যাকশন প্যাকড এই ছবিতে আহান পাণ্ডে ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অ্যাশভারি ঠাকরে যিনি পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে 'নিশানচি' ছবির মাধ্যমে অভিনয়ের পথচলা শুরু করেছিলেন। এছাড়াও দেখা যাবে শর্বরী বাগকে। সিনেমার নাম বা চিত্রনাট্য সম্পর্কে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি তবে আলি আব্বাস জাফর আহান পাণ্ডের নাম ঘোষণা করতেই খুশির আবহ ভক্তমহলে।
অ্যাকশন-রোম্যান্সের মিশেলে আহানের পরবর্তী ছবির নাম ও নায়িকার আপডেটের অপেক্ষায় অনুরাগীরা।
মনে করা হচ্ছে, রোম্যান্স এবং ধুঁয়াধার অ্যাকশনের মেলবন্ধন ঘটবে পরিচালকের নতুন ছবিতে। মিডিয়া রিপোর্ট মোতাবেক, 'সুলতান', 'টাইগার জিন্দা হ্যায়'-এর মতো হাইভোলটেজ ছবি তৈরির জন্যই পরিচিত আলি। তাই আগামী ছবিতেও বিশেষ চমক থাকবে।
তরুণ প্রতিভাদের নিয়ে বিগ বাজেটের ছবি তৈরি একদিকে যেমন চ্যালেঞ্জিং অন্যদিকে নির্মাতা হিসেবে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ বলেও মনে করছেন অনেকেই। মোহিত সুরীর নির্দেশনায় রোম্যান্টিক ড্রামার পর আলি আব্বাস জাফরের হাত ধরে অ্যাকশন-রোম্যান্সের মিশেলে আহানের পরবর্তী ছবির নাম ও নায়িকার আপডেটের অপেক্ষায় অনুরাগীরা।
