প্রাণের চেয়ে প্রিয় পোষ্যকে হারিয়ে শুক্রে শোকাতুর টলিউডের 'পাওয়ার কাপল 'অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। পোষ্য শুধু পরিবারেরই সদস্য হয় না, হয়ে ওঠে জীবনের অবিচ্ছেদ্য অংশ। অঙ্কুশ-ঐন্দ্রিলার (Ankush Oindrila) পোষ্যপ্রেমের কথা ইন্ডাস্ট্রির কারওই অজানা নয়। তাই প্রিয় বাবলাকে হারিয়ে শোকে পাথর দুজনেই। বাবলা অঙ্কুশের সঙ্গে থাকলেও তার সঙ্গে ঐন্দ্রিলার সম্পর্কও ছিল একেবারে মা-সন্তানের মতোই। তাই বাবলার মৃত্যু ঐন্দ্রিলার জীবনেও বিরাট শূন্যতার সৃষ্টি করেছে।
সোশাল মিডিয়ায় দুজনই বাবলাকে হারানোর যন্ত্রণার কথা সকলের সঙ্গে ভাগ করে মনকে যেন একটু হালকা করতে চেয়েছেন। চোখ বুঝে প্রয়াত পোষ্য বাবলাকে জড়িয়ে একটি ছবি পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন অঙ্কুশ। আবেগপ্রবণ একটি বার্তায় অভিনেতা লিখেছেন, 'আজ আমার পুরো পৃথিবীটাই ধ্বংস হয়ে গেল। আমার জীবন থেকে সব আনন্দ হারিয়ে গেল। তোর আত্মার শান্তি কামনা করি বাবলা। তোকে ছাড়া বাকি জীবনটা কাটানোই আমার কাছে এখন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পুর্নজন্ম নিয়ে আবার আমার জীবনে ফিরে আয় আজীবন তোকে ভালোবাসব, আমার সোনা।'
বাবলার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা মনে করে মন ভারাক্রান্ত ঐন্দ্রিলার।সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে গভীর শোকজ্ঞাপন করেছেন। আর কখনও বাবলার সঙ্গে খেলতে পারবেন না, একবার ডাকলে আর দৌড়ে আসবে না-এই ভাবনাগুলোই তোলপাড় করছে ঐন্দ্রিলার মনকে। আবেগঘন পোস্টে প্রয়াত বাবলার উদ্দেশে লিখেছেন, 'আজ থেকে তোকে আর ছুঁতে পারব না, ডাকলে তুই আর আমার কাছে ছুটে আসবি না। এই সত্যিটা মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব।'
আরও যোগ করেন, 'তোর ছোট ছোট অভ্যাস, তোর চোখের দিকে তাকানো, তোর পাশে থাকা—সবকিছু আজ আমার কাছে স্মৃতি হয়ে গেল। আমি শেষ মুহূর্ত পর্যন্ত তোকে ধরে রাখতে চেয়েছিলাম। যদি ভালোবাসা দিয়ে কাউকে বাঁচিয়ে রাখা যেত, তাহলে তুই কোনওদিনই আমাকে ছেড়ে যেতে পারতিস না। বাবলা তুই আমার জীবনের একটা অংশ ছিলি, আছিস, আর চিরকাল থাকবি।'
