পছন্দের তারকাকে চোখের সামনে দেখা, তাঁর সঙ্গে কথা বলা নিঃসন্দেহে স্বপ্নপূরণ। আর সেটা যদি বলিউড বা দক্ষিণী ইন্ডাস্ট্রি কিংবা হলিউডের কোনও হাইভোলটেজ তারকা হয় তাহলে তো আর কোনও কথাই নেই। এই মুহূর্তে শহরের বিভিন্নপ্রান্তে মণি রত্নমের সঙ্গে শুটিং রছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। পছন্দের সেই নায়িকাকে দেখতে ছুটে গিয়েছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী উজি ওরফে আরাত্রিকা মাইতি। সাই পল্লবীর মতো হেভিওয়েট সেলিব্রিটির সঙ্গে দেখা করে কথা বলা নিঃসন্দেহে পরম প্রাপ্তি। সাই সাক্ষাতে আনন্দে হৃদয় নেচে উঠলেও হাউহাউ করে কেঁদেছেন আরাত্রিকা।
পছন্দের নায়িকার সঙ্গে দেখা করে কথা বলার পরও কীসের আক্ষেপ? সেই কারণ সোশাল মিডিয়ায় নিজেই বাতলে দিয়েছেন আরাত্রিকা। আসলে তিনি নিজেও যেহেতু একজন পেশাদার অভিনেত্রী তাই এতটা কাছে পেয়েও একটি ইচ্ছা পূরণে সংকোচবোধ করেছেন। আর সেটা হল একটা সেলফি তোলা হল না। যাওয়ার বেলায় দেখা হল কথা হল কিন্তু, একটা ছবি হল না!
শহরে সাই পল্লবী
অভিজ্ঞতা ভাগ করে আরাত্রিকা লিখেছেন, 'আজ আমার ক্রাশ যাকে আমি অনেক দিন ধরে অনুসরণ করি তাঁকে একেবারে কাছ থেকে দেখলাম। শুধু দেখাই নয়, তাঁর সঙ্গে কথাও বললাম। তবু একটা আফসোস রয়ে গেল যে আমরা একসঙ্গে একটা ছবিও তুলতে পারলাম না। এই একটা কারণেই আমি সত্যিই কেঁদেছি।'
শুটিংয়ের মাঝে এমন আবদারে অভিনেত্রী বিরক্ত হতে পারেন এই আশঙ্কাতেই আর মনের কথা বলে উঠতে পারেননি। এই মর্মে অভিনেত্রীর সংযোজন, 'আমি নিজেও একজন শিল্পী। তাই জানি, শুটিংয়ের মাঝখানে একজন শিল্পীর কাছে গিয়ে ছবি তুলতে চাইলে অনেক সময় তার কাজে ব্যাঘাত ঘটতে পারে। সেই সম্মানটুকু আমি রাখতে চেয়েছিলাম। তবু মনে হয় যদি একটা ছবিও থাকত তাহলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। তবে এর বদলে আমি পেয়েছি একটা উড়ন্ত চুমু আর একটা সুন্দর হৃদয়। এই ছোট্ট মুহূর্তগুলোই আমার কাছে বিরাট প্রাপ্তি। স্মৃতির পাতায় রয়ে যাবে।'
নিজের সঙ্গে পর্দার সীতার একটা দারুণ মিল খুঁজে পেয়েছেন আরাত্রিকা। দুজনের উচ্চতাও প্রায় একই! ভবিষ্যতে ফের সাই সাক্ষাতের সুযোগ পেলে কী বললেন পছন্দের অভিনেত্রীকে। সে কথাও নিজের পোস্টে খোলসা করে লিখেছেন, 'জানো, একদিন আপনার সঙ্গে একটা ছবি তুলতে না পারার জন্য আমি কতটা কেঁদেছিলাম। আমি ঘণ্টার পর ঘণ্টা আপনার মেকআপ ভ্যানের পাশে দাঁড়িয়েছিলাম। তখন ছবি পাইনি কিন্তু সেদিনের স্মৃতিটাই আজ আমার কাছে সবচেয়ে মূল্যবান।'
