শীঘ্রই নাকি বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। দীর্ঘ চোদ্দ বছরের প্রেম আর আট বছরের দাম্পত্য আগামী সেপ্টেম্বরেই শেষ! এই খবরে শোরগোল বিনোদুনিয়া থেকে ভক্তমহল। চর্চার মাঝেই রবিবাসরীয় সকালে অক্ষয় তৃতীয়ার দিনই তিন থেকে চার হওয়ার সুখবর দিলেন 'দীপবীর'। ছোট্ট দুয়ার জন্য খেলার সঙ্গী আনছেন রণবীর-দীপিকা।
দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ আস্বাদন করতে চলেছেন বলিউডের মস্তানি দীপিকা পাডুকোন। সোশাল মিডিয়ায় অভিনব কায়দায় জীবনের আরও এক নতুন ইনিংস শুরুর ঘোষণা করলেন যুগলে। একটা কথা তো না বললেই নয়, নিন্দকের মুখে ছাই দিয়ে আরও একবার অটুট ভালোবাসার নজির গড়লেন রণবীর-দীপিকা।
একরত্তি দুয়ার হাতে ধরা প্রেগকালার টিউব যার মাধ্যমেই দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। সুখবর শেয়ার করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থ থেকে অনুরাগীরা। প্রসঙ্গত, দীপিকার দ্বিতীয় প্রেগন্যান্সি নিয়ে শনিবার রাত থেকেই কানাঘুষো টিনসেলটাউনে। গুঞ্জনের মাঝেই খবরে সিলমোহর হবু বাবা-মায়ের। ২০২৪এর ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল রাজকন্যা দুয়া পাডুকোন। মেয়ের বয়স দেড় বছর হতেই ফের নতুন সদস্যের পদধূলি পরার অপেক্ষা।
এই মুহূর্তে রণবীর-দীপিকার জীবনে খুশির ডবল ডোজ সে কথা বললে অত্যুক্তি হবে না। এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে রণবীরের 'ধুরন্ধুর ২'র নজিরবিহীন সাফল্য তো অন্যদিকে চলতি বছরের শেষে বা ২০২৭-এর গোড়াতে মুক্তি পাবে দীপিকার আগামী সায়েন্স ফিকশন ছবি 'রাকা'।
উল্লেখ্য, মা হওয়ার পর 'রাকা'র হাত ধরেই বড়পর্দায় গ্র্যান্ড কামব্যাক দীপিকার। এই ছবির পারিশ্রমিক ঘিরে চর্চার কেন্দ্রে বলিউডের 'মস্তানি'। মিডিয়া রিপোর্ট মোতাবেক, দীপিকার পারিশ্রমিক আল্লুর থেকে প্রায় সাত গুণ কম। দীপিকা পেয়েছেন আনুমানিক ২৫ কোটি।
