তীরে এসে ডুবল তরী! শেষ মুহূর্তে বাতিল হয়ে গেল মুনাওয়ার ফারুকির বেঙ্গালুরুর শো। স্ট্যান্ড-আপ কমেডি শো করার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন, তার মাঝেই ছন্দপতন। ১৮ এপ্রিলের পরিবর্তে কেন এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল শোয়ের দিনক্ষণ? সোশাল মিডিয়ায় সেই কারণ নিজেই বাতলে দিলেন মুনাওয়ার। শো শুরুর কিছুক্ষণ আগেই ইনস্টা স্টোরিতে মন খারাপ করা খবরটি শেয়ার করেছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি।
আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে শো বাতিলের কারণ ব্যখা করে লিখেছেন, 'আজকের শো আপডেট। কর্তৃপক্ষের জারি করা ট্রাফিক অ্যাডভাইজরির কারণে আজকের শো আগামী সপ্তাহে সরিয়ে দেওয়া হয়েছে। আমাদের স্ট্যান্ড-আপ ভেন্যুটি এম. চিন্নাস্বামী স্টেডিয়ামের খুব কাছাকাছি। সেখানে আজ আইপিএলের একটি ম্যাচ রয়েছে। এর ফলে এলাকায় প্রচণ্ড যানজট। ভিড় নিয়ন্ত্রণে রাখতেই আজকের শো বাতিল করা হল।'
বাতিল মুনাওয়ার ফারুকির বেঙ্গালুরুর শো
আরও যোগ করেছেন, 'এই পরিস্থিতি এবং প্রত্যেকের সুবিধার কথা মাথায় রেখেই আমরা শোয়ের নতুন তারিখ নির্ধারণ করেছি। আমরা দুঃখিত এবং আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞও। আগামী সপ্তাহে দেখা হবে, বেঙ্গালুরু।' এই আপডেটটি তাঁর নির্ধারিত পারফরম্যান্সের আগেই কিছু গোষ্ঠীর নজর কেড়েছিল বলে জানা য়ায়।
শেষ মুহূর্তে কেন বাতিল শো?
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হিন্দু সংগঠন 'হিন্দু জনজাগৃতি সমিতি' বেঙ্গালুরু পুলিশ কমিশনারের কাছে আবেদন জানিয়েছে যাতে এই শেয়ের অনুমতি না দেওয়া হয়। সম্ভাব্য আইন-শৃঙ্খলা সমস্যার আশঙ্কাকে সামনে রেখেই এই আবেদন। সংগঠনটি মুনাওয়ার ফারুকির অতীত বিতর্কগুলোর কথাও উল্লেখ করেছে যার মধ্যে ২০২১ সালে ইন্দোরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের হওয়া একটি মামলাও রয়েছে এই স্ট্যান্ড আপ কমেডিয়ানের বিরুদ্ধে।
সেই মামলায় গ্রেপ্তার পর্যন্ত হয়েছিলেন এবং এক মাসেরও বেশি সময় বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন মুনাওয়ার। পরে সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দেয়। মামলাটি সম্ভবত এখনও বিচারাধীন।সংগঠনটি আরও জানায়, প্রয়াগরাজ এবং মুম্বইয়ের মতো শহরেও তাঁর শো নিয়ে এই ধরনের অভিযোগ উঠেছিল।
আরও দাবি করে যে প্রতিবাদের আশঙ্কায় বেঙ্গালুরু, মুম্বই, দিল্লি, পুনে, হায়দরাবাদ, গোয়া, রায়পুর এবং গুরগাঁওয়ের মতো শহরে তাঁর বেশ কয়েকটি শো আগেও বাতিল করা হয়েছে বা অনুমতি পায়নি। বেঙ্গালুরুর এই ইভেন্ট নিয়েও তাঁরা উদ্বেগ প্রকাশ করে জানান, এই শো ঘিরেও প্রতিবাদের প্রবল সম্ভবনা রয়েছে যা সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে।
