দিন কয়েক আগে ইম্পার দপ্তরে স্ক্রিনিং কমিটির বৈঠকে দুই সুপারস্টারের তরজায় মধ্যস্থতা করতে গিয়ে নাকি অপমানিত হতে হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে! কানাঘুষো, ছাব্বিশ সালের বাংলা সিনে-ক্যালেন্ডার নির্ধারণের সময়ে অনুজ দেবের কিছু কথায় খানিক অস্বস্তিতেই পড়েছিলেন টলিউডের অন্যতম 'অভিভাবক' বুম্বা। যে বিষয় নিয়ে বিগত কয়েক দিনে বাংলা সিনে ইন্ডাস্ট্রির অন্দরে কম ফিসফাস হয়নি! প্রশ্ন উঠেছিল, সুপারস্টার হলেও একজন পদ্মসম্মানপ্রাপ্ত সিনিয়র অভিনেতার সঙ্গে এমন 'টোনে' কথা বলাটা কি শোভা পায়? তবে বিতর্ক দানা বাঁধতেই পরের দিন সটান প্রসেনজিতের বাড়িতে হাজির হয়ে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন দেব। এবার 'ইন্ডাস্ট্রি'র পদ্মসম্মান প্রাপ্তির উদযাপনে শামিল টলিউড সুপারস্টার।
'কাছের মানুষ' দেব-প্রসেনজিৎ, ফাইল ছবি
অভিনেতা-পুত্র তৃষাণজিৎ চট্টোপাধ্যায় বাবার পদ্মশ্রী প্রাপ্তির উদযাপনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। রবিবাসরীয় সন্ধের সেই জলসাকে 'চাঁদের হাট' বললেও অত্যুক্তি হবে না। মুনমুন সেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, চঞ্চল চৌধুরি, রুদ্রনীল ঘোষ-সহ সেলেবপাড়ার সিংহভাগ তারকাদের পাশাপাশি বর্তমান প্রজন্মের অভিনেতা-শিল্পীরাও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট পার্টিতে। সন্ধে গড়াতেই সেখানেই হাজির হন টলিউড সুপারস্টার দেবও। স্ক্রিনিং কমিটির চার দেওয়ালের অন্দরের বিবাদ, মান-অভিমান ভুলে হাসিমুখে অনুষ্ঠানে সকলের সঙ্গে বার্তালাপে ব্যস্ত দেখা যায় তাঁকে। 'টদ্মশ্রী' অপমান ভুলে টলিপাড়ার গুরুজন প্রসেনজিৎ যদিও আগেই দেব-সাক্ষাতের পোস্ট শেয়ার করে জানিয়েছিলেন, "তুই এলি, কথা বললি, ভালো লাগল। নিজের খারাপ লাগাগুলোকে সরিয়ে বাড়ির ভুল বোঝাবুঝিগুলোকে সামলানোটাই মনে হয় বড়দের কাজ। ভালো থাক।" এবার পদ্মসম্মান উদযাপনের পার্টিতেও দেব-প্রসেনজিৎ ধরা দিলেন একফ্রেমে। পাশাপাশি ভ্রাতৃসম সুপারস্টার অভিনেতার হাতে বিশেষ উপহারও তুলে দিলেন বুম্বা। কী দিলেন?
অনুষ্ঠান থেকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় তাঁর আত্মজীবনী 'স্পটলাইট' বইটিতে সই করে দেবের হাতে তুলে দিলেন। এরপরই উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় হাসিমুখে পোজও দিলেন তাঁরা। আর সেই ভাইরাল ভিডিও দেখেই দুই অভিনেতার অনুরাগী শিবিরে উল্লাস। কেউ বলছেন, 'এই না হলে গুরুজনের মতোই আচরণ!' কেউ বা আবার 'দাদা-ভাইয়ের সমীকরণ' তুলে ধরলেন।
