shono
Advertisement
Dev Subhashree

'তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ শুভ...', শুভশ্রীকে মন কেমনের চিঠি 'ডিরেক্টর' দেবের

পুজোর বক্স অফিস মহারণের জন্য প্রস্তুত 'দেশু'। শুভশ্রীর কাছে কেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন 'সুপারস্টার ডিরেক্টর'?
Published By: Sandipta BhanjaPosted: 07:51 PM Aug 26, 2026Updated: 07:51 PM Aug 26, 2026

একসময়ে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে দেব ছিলেন 'পাগলু'! তবে সেই 'পরাণ যায় জ্বলিয়া' পর্ব বহু আগেই অতীত হয়েছে। মাঝের এক দশকে মান-অভিমান, বিতর্কের জল বহুদূর গড়ানোর পর সম্প্রতি 'দেশু ৭'-এর প্রচারঝলকে নস্ট্যালজিয়া উসকে দিয়েছেন দেব-শুভশ্রী। যে ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে পুজোর পর্দা। গত বুধবারই নিজেদের সাত নম্বর ছবির শুটিং সমাপ্তির কথা জানিয়ে 'ডিরেক্টর' দেবের উদ্দেশে কলম ধরেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার সেই চিঠির জবাব দিয়ে শোরগোল ফেলে দিলেন সুপারস্টার প্রযোজক-অভিনেতা।

Advertisement

"অনেক দিন ধরেই তোমাকে চিনি, কিন্তু এই ছবিটা আমাকে বুঝতে এবং উপলব্ধি করতে শেখাল যে শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয়, বরং একজন মানুষ হিসেবেও তুমি কতটা পরিণত হয়েছ।..." 

বাধ্য ছাত্রীর মতো দেবের থেকে শট বুঝে নিচ্ছেন শুভশ্রী।

২০২৫ সালে তাঁদের পুনর্মিলনে সিনেপাড়া, ভক্তমহল থেকে বক্স অফিসেও 'ধূমকেতু' সুনামি আছড়ে পড়েছিল। সেসময়েই পর্দায় জুটির রোম্যান্স দেখতে না পেয়ে নতুন সিনেমার দাবি জানিয়েছিলেন অনুরাগীরা। তবে এবার পর্দায় 'দেশু'র রোম্যান্স দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ দেব। সদ্য 'ডেবিউ ডিরেক্টর' হিসেবে পুজো রিলিজের শুটিং শেষ করেছেন তিনি। উল্লেখ্য, এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন সুপারস্টার সাংসদ। ‘দেশু ৭’-এ একাধারে দেব যেমন প্রযোজনা-পরিচালনা সামলেছেন, তেমনই মুখ্য ভূমিকায় অভিনয়ও করেছেন। আর দেবের একই অঙ্গে এহেন ‘বহুরূপ’ দেখে মুগ্ধ হয়েছিলেন শুভশ্রী। এবার প্রাক্তনকে ধন্যবাদ জানিয়ে চিরকৃতজ্ঞতা প্রকাশ করলেন দেব। চিঠির পরতে পরতে যেন নস্ট্যালজিয়া উসকে দিলেন। সুপারস্টার প্রযোজক-অভিনেতা লিখেছেন, "প্রিয় শুভ, 'দেশু ৭'-এর অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি যখন প্রথমবার সিনেমা পরিচালনায় ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন চারপাশে অনেক অনিশ্চয়তা উঁকি দিয়েছিল। যখন দুর্গাপুজোর সময়ে রিলিজের ছাড়পত্র পাচ্ছিলাম না- তখনও তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। সিনেমার নাম-চিত্রনাট্য কিচ্ছু না জেনে, এমনকী শেষ পর্যন্ত ছবিটা কেমন দাঁড়াবে, সেই ধারণা না থাকা সত্ত্বেও তুমি 'দেশু ৭' করতে রাজি হয়েছিলে। এই যাত্রাপথে তোমাকে কাছ থেকে দেখাটাও এক বিশেষ অভিজ্ঞতা। অনেক দিন ধরেই তোমাকে চিনি, কিন্তু এই ছবিটা আমাকে বুঝতে এবং উপলব্ধি করতে শেখাল যে শুধু একজন অভিনেত্রী হিসেবেই নয়, বরং একজন মানুষ হিসেবেও তুমি কতটা পরিণত হয়েছ। পেশাগত ও ব্যক্তিগত জীবনের মধ্যে কী চমৎকার ভারসাম্য বজায় রেখেছ। সাফল্য ছুঁয়েও তোমার এই মাটির কাছাকাছি থাকার বিষয়টা সত্যিই অনুপ্রেরণা জোগায়।" শুধু তাই নয়, 'ডিরেক্টর' দেবের উপর ভরসা রাখার জন্যেও শুভশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

"পরিচালক হিসেবে আমার প্রথম ছবি যদি আমাকে সিনেমার বাইরেও বিশেষ কিছু দিয়ে থাকে, তা হল তোমাদের মতো মানুষের বিশ্বাস..." 

'ডিরেক্টর' দেবের সঙ্গে স্ক্রিনে চোখ শুভশ্রীর

টলিউড সুপারস্টারের কথায়, "আমি সত্যিই খুব খুশি যে আমাদের দু'জনের সফর, যা প্রায় একই সময়ে শুরু হয়েছিল, সেটা এমন এক অধ্যায়ে এসে আবার আমাদের একজায়গায় নিয়ে এল। পরিচালক হিসেবে আমার প্রথম ছবি যদি আমাকে সিনেমার বাইরেও বিশেষ কিছু দিয়ে থাকে, তা হল তোমাদের মতো মানুষের বিশ্বাস- যারা আমার 'ভিশন' বা পরিকল্পনার কথা পুরোপুরি না জেনেই আমার উপর আস্থা রেখেছিল। আমার পাশে থাকার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য এবং এই সিনেসফরের অংশ হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। পাশাপাশি এত বছর পরও ভক্তদের মধ্যে 'দেশু' জুটির প্রতি ভালোবাসা ও উদ্দীপনা জিইয়ে রাখতে সাহায্য করার জন্যেও তোমাকে ধন্যবাদ। আমার উপর এবং পরিচালক হিসেবে আমার ধারণার উপর বিশ্বাস রাখার জন্য আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব।"

ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে, সেটা বছরের দ্বিতীয় দিনে ঘোষণার পর থেকে অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদই বলে দেয়। রোম্যান্টিক অবতার তো বটেই, তবে কেমন চরিত্রে পাওয়া যাবে দেব-শুভশ্রীকে? দেখার জন্য চাতক পাখির দশা হয়েছিল ভক্তদের। জল্পনার অবসান ঘটিয়ে সেট থেকে বেশ কিছু ছবি ভাগ করে নিয়েছেন দেব। সেখানেই ‘ডিরেক্টর’ মেজাজে দেখা গেল তাঁকে। সেসব ক্যামেরাবন্দি মুহূর্তে কখনও শুভশ্রীকে দৃশ্য বোঝাতে দেখা গেল তো কখনও বা প্রাক্তনের গাল টিপে খুনসুটির মেজাজে ধরা দিলেন ডিরেক্টর দেব। যা দেখে অনুরাগীরা বলছেন- তর যে আর সইছে না!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement