আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ' বক্স অফিসে তেহেলকা তৈরি করেছে। তিন সপ্তাহ পেরিয়েও দর্শকের উন্মাদনায় কোনও ঘাটতি পড়েনি। কাজের ফাঁকে ফুরসুৎ মিলতেই হলমুখী হচ্ছে সিনেপ্রেমীরা। এর মাঝেই দর্শকের জন্য খারাপ খবর। 'ধুরন্ধর ২' (Dhurandhar 2) -এর সাফল্যের মাঝেই সংলাপ ও দৃশ্যে বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ১,৬০০ কোটির বেশি আয় করে ফেলেছে আদিত্যর ছবি। চিত্রনাট্য থেকে দৃশ্যায়নে বুঁদ দর্শক, তবুও নাকি নির্মাতারা কিছু পরিবর্তন করেছেন।
রিপোর্ট অনুযায়ী, 'মিউট' করা হয়েছে বেশ কয়েকটি আপত্তিকর সংলাপ। একটি দৃশ্য যা মারাত্মক ভাইরাল সেটিও নাকি সিনেমার নতুন থিয়েট্রিক্যাল প্রিন্টে পরিবর্তন করা হয়েছে। বলিউডের একাধিক রিপোর্ট মোতাবেক, নির্দিষ্ট কয়েকটি সংলাপ এবং দৃশ্য নিয়ে দর্শকের প্রতিক্রিয়া ও সোশ্যাল মিডিয়ার আলোচনার পরই নির্মাতারা চূড়ান্ত সিদ্ধান্তে উনপীত হয়েছেন।
কিছু আপত্তিকর শব্দ আগেই আংশিকভাবে মিউট করা হলেও এখন নতুন ভার্শনে অনেক শব্দই সম্পূর্ণ 'মিউট' করে দেওয়া হয়েছে। বিশেষ করে লিয়ারি অপারেশনের সিক্যোয়েন্সে সঞ্জয় দত্তের সংলাপ এখন পুরোপুরি 'মিউট'। একইসঙ্গে অভিনেতা রাকেশ বেদী সহ আরও অনেকের সংলাপই আর শোনা যাবে না। দৃশ্যায়নের ভুল-ত্রুটিও নজর এড়ায়নি দর্শকের। স্নানঘরের একটি দৃশ্যে ভুল করে চিত্রগ্রাহক ফ্রেমে চলে এসেছে, যা নিয়ে সোশাল মিডিয়ায় জোর চর্চা।
যখন একটি সিনেমা সাফল্যের শীর্ষে পৌঁছে যায় তখনই যেন ছোট ছোট বিষয়ও সকলের নজরে আসে। 'ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ'-ও তার ব্যতিক্রম নয়। উল্লেখ্য, মুক্তির আগেই সেন্সের কোপও পড়েছিল রণবীরের ছবিতে। বেশ কিছু সংবেদনশীল দৃশ্যে কাঁচি চালিয়েছিল 'সিবিএফসি'। এরপরও বক্স অফিসে ধুরন্ধরের দাপট অটুট।
ইতিমধ্যেই বেশ কয়েকটি বলিউডের ব্লকবাস্টার ছবির রেকর্ড ভেঙে ফেলেছে তবে 'দঙ্গল', 'বাহুবলী ২', 'পুষ্পা ২'-এর সাফল্যকে টেক্কা দিতে পারেনি। তবে 'কেজিএফ চ্যাপ্টার ২' ও 'ধুরন্ধর'-র প্রথম পর্বকে দশ গোল দিয়ে দিয়েছে। 'ধুরন্ধর ২' সম্পর্কে একটাকথা না বললেই নয়, এটি এমন একটি ছবি মুক্তির পর বেশ কিছু পরিবর্তন করা হচ্ছে, নির্মাতারা দর্শকদের প্রতিক্রিয়া শুনে ভুল শুধরে নিচ্ছেন। দর্শকও সেই যাত্রার সঙ্গী হয়ে থাকছেন।
