কঙ্গনা রানাউত বনাম যোগগুরু রামদেবের ভার্চুয়াল বাকবিতণ্ডা যেন কিছুতেই থামতে চাইছে না! নিট কেলেঙ্কারিতে প্রতিবাদী পড়ুয়াদের 'নর্দমা প্রজন্ম' বলে আক্রমণ শানিয়েছিলেন মাণ্ডির 'সনাতনী' সাংসদ। যে মন্তব্য ঘিরে বিস্তর হইচই হতেই 'ডিগবাজি' খেয়ে যুবপ্রজন্মকে 'দেশের শক্তি' বলে সম্বোধন করেন কঙ্গনা। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি! সেই বিতর্কযজ্ঞে সম্প্রতি ঘৃতাহূতি করে বাবা রামদেবের বিস্ফোরক মন্তব্য। সাংসদ-অভিনেত্রীর বিরুদ্ধে বিজেপিকে কড়া পদক্ষেপের পরামর্শও দেন তিনি। যোগগুরুর এহেন 'ঢিলে'ই এবার পালটা 'পাটকেল' ছুড়লেন কঙ্গনা রানাউত।
"অন্তত মিথ্যা বা প্রতারণামূলক কাজকর্মের জন্য আমাকে কখনও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়নি-..."
এক সাক্ষাৎকারে রামদেব বলেন, "মানুষদের নিয়ে এমন কথা বলতে চাই না, যাঁরা দেশের যুবপ্রজন্মকে নর্দমার সঙ্গে তুলনা করে নিজেদের বিকৃত মনের পরিচয় দেয়। তাঁর দলের লোকেদেরও বিষয়টি নজর দেওয়া উচিত।" এখানেই অবশ্য থামেননি যোগগুরু। রামদেব প্রশ্ন ছোড়েন, "ওঁর শৈশব কেমন ছিল? যৌবন কেমন ছিল? অতীতে কী কী কর্মকাণ্ড করেছেন?" 'সনাতনী' যোগগুরুর এহেন কথাতেই মেজাজ হারান বিজেপির নেত্রী-অভিনেত্রী। চব্বিশ সালে রামদেব ও পতঞ্জলির বিরুদ্ধে দায়ের হওয়া সুপ্রিম মামলার প্রসঙ্গ টেনে কঙ্গনা বলেন, "বাবাজি, আমার যৌবন, বেডরুম নিয়ে দিবাস্বপ্ন দেখা বন্ধ করুন। গুজব বা গালগল্পের উপর ভিত্তি করেই কারও পক্ষে এমন ধারণা করা সম্ভব আসলে। অন্তত মিথ্যা বা প্রতারণামূলক কাজকর্মের জন্য আমাকে কখনও সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়নি- আর এই কথাটা কোনও গসিপ ভিত্তিক নয়, বরং অকাট্য যুক্তি-তথ্যের উপর ভিত্তি করেই বলছি।" এখানেই অবশ্য থামেননি কঙ্গনা রানাউত।
রামদেবের নিশানায় কঙ্গনা
"আমাকে চরিত্র নিয়ে জ্ঞান দেবেন না। আপনার চেয়ে আমার চরিত্র অনেক ভালো..."
যোগগুরু রামদেবের উদ্দেশে বিজেপির তারকা সাংসদ বলেন, "আমাকে চরিত্র নিয়ে জ্ঞান দেবেন না। আপনার চেয়ে আমার চরিত্র অনেক ভালো। কারণ এখানে কোনও প্রতারণার বিষয় নেই।" এর আগে রামদেব দেশের যুবসমাজের প্রশংসা করে বলেন, "কেউ যদি আমার যোগাসনের প্রশংসা করে, তাহলে তাঁর অন্যায় আমি আড়াল করব? যুবসমাজ কোনও জাতি নয়, তাঁরাই দেশের সর্বস্ব। সেখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, দলিত, আদিবাসী, বনবাসী, এসসি, এসটি-সকল সম্প্রদায়ের সন্তান রয়েছে। প্রত্যেকে সন্তান। যুবসমাজ শক্তিশালী, এটা অস্বীকার করার উপায় নেই।" পালটা এক ভিডিও বার্তায় কঙ্গনা ছাত্র আন্দোলনকে কটাক্ষ করে বলেন, "ওখানে যে ভিড়টা হয়েছিল, আমি শুধুমাত্র সেই ভিড়ের কথাই বলেছিলাম। ওপেন চ্যালেঞ্জ ছুড়ছি, আমার এমন কোনও নির্দিষ্ট বক্তব্য দেখান যেখানে আমি গোটা প্রজন্মকে বোঝাতে চেয়েছি। আমার সঙ্গে অযথা রাজনৈতিক মতোবিরোধের জড়াবেন না। আমি কখনও যুবসমাজের বিরোধী নই।"
