নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে ফাল্গুনী পাঠক (Falguni Pathak) আর আবেগ যেন পরস্পরের সমার্থক। মিষ্টি গানের গলা আজও দর্শকের হৃদয়ে গেঁথে রয়েছে। তাঁর গানের ভেলায় বেয়ে আজও নস্ট্যালজিক হয়ে পড়েন সঙ্গীতপ্রেমীরা। কলেজ প্রেম থেকে প্রেমিকযুগলের খুনসুটি, মান অভিমানের ছোট ছোট অভিব্যক্তিগুলো যেন জীবন্ত হয়ে ওঠে তাঁর গানে। সময়ের স্রোতে ভিন্নস্বাদের গানের ভিড়ে ফাল্গুনী পাঠকের জনপ্রিয়তায় কিন্তু, এতটুকু ভাঁটা পড়েনি। আর ঠিক সেই কারণেই হলিউডের পপস্টারের কনসার্টের টিকিটের দামকেও টেক্কা দিচ্ছে ফাল্গুনীর গরবার সিজন টিকিট।
নবরাত্রি স্পেশাল গরবার টিকিটের দাম একেবারে আকাশছোঁয়া। যা শুনে রীতিমতো থরহরি কম্প আমজনতার। টিকিটের দাম শুরু দু'হাজার দুশো টাকা থেকে। সর্বোচ্চ মূল্য ২.০৮ লক্ষ। ফাল্গুনীর অনুষ্ঠানের টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। প্রায় দু'মাস বাকি, আগামী ১১ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত মুম্বইয়ে অনুষ্ঠিত হবে ফাল্গুনীর নবরাত্রি স্পেশাল গরবা।
ভক্তরা অনেকেই তাঁর অনুষ্ঠান দেখতে চান, কিন্তু টিকিটের আগ্নিমূল্যে পকেটে টান! টাকার অঙ্ক শুনেই তো ছ্যাঁকা খেয়েছে সাধারণ ভক্ত। বুকমাই শোর তথ্য অনুযায়ী, নয় দিনের জন্য প্রথম পর্বের (ফেজ ওয়ান) সিজন পাসের দাম ছিল জনপ্রতি ষোলো হাজার। দ্বিতীয় পর্বের (ফেজ টু) পাসের দাম আঠারো হাজার। শুধু একটি রাতের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রথম পর্বে একদিনের টিকিটের দাম শুরু হচ্ছে দু'হাজার দুশো থেকে। সঙ্গে জুড়বে অতিরিক্ত কর।
সবচেয়ে দামি প্যাকেজ হল 'পড' (POD) প্যাকেজ। যেখানে এক রাতের টিকিটের মূল্য ২.০৪ লক্ষ টাকা। এই প্যাকেজে একসঙ্গে বারো জন অংশ নিতে পারবেন। এটি শুধুমাত্র নির্দিষ্ট দিনের জন্যই বৈধ। সঙ্গে দেওয়া হবে দশ হাজার টাকা মূল্যের খাবার ও পানীয়ের কুপন। টিকিটের দাম নিয়ে সমাজমাধ্যমে আলোচনার ঝড়। অনেকেই অভিযোগ করেছেন, জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারের মতো উচ্চমানের ভেন্যু বাছাইয়ের জন্যই নবরাত্রির এই অনুষ্ঠান দেখার সাধ সাধারণ মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে।
ফাল্গুনী পাঠক
অনেকেই ফাল্গুনী পাঠককে টিকিটের মূল্য নির্ধারণের বিষয়টি দেখার অনুরোধ করেছেন। ফাল্গুনী পাঠকের গরবার জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও, ছাব্বিশ সালের নবরাত্রি উৎসবের চড়া টিকিটের দাম ইতিমধ্যেই নতুন বিতর্ক তৈরি করেছে।
