জন্মদিনেও রোল, ক্যামেরার দুনিয়া থেকে বিরাম নেই! বলা ভালো, ছুটি নেননি। হাঁসফাঁস গরমে বিষ্ণুপুরে 'বহুরূপী' সিক্যুয়েলের শুটিংয়ে কখনও ক্ল্যাপস্টিক হাতে 'কাট-অ্যাকশন' চলছে, তো কখনও বা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ক্যারেক্টারে ঢুকে পড়ছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুটের অবসরে আবার দর্শক-অনুরাগীদের জন্য 'রিটার্ন গিফট' নিয়েও হাজির 'ফ্যামিলিওয়ালা'। তবে পরিচালক-অভিনেতাকে সবথেকে বড় সারপ্রাইজ দিলেন স্ত্রী জিনিয়া সেন।
বুধবার, ২০ মে বাহান্নয় পা রাখলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সেই প্রেক্ষিতেই প্রকাশ্যে নিয়ে এলেন 'ফ্যামিলিওয়ালা' ছবির ফার্স্ট লুক। মাত্র ৪০ সেকেন্ডের ঝলকে হাসি-কান্না, রাগ, দুঃখের অভিব্যক্তি ফুটিয়ে তুলেছেন শিবপ্রসাদ। ভিডিওর শুরুতেই অডিশন দেওয়ার ভঙ্গিতে অভিনেতা-পরিচালককে বলতে শোনা যায়, 'নমস্কার, আমি ফ্যামিলিওয়ালা...'। এরপরই বিভিন্ন অভিব্যক্তিতে নিজেকে মেলে ধরলেন তিনি। একজন 'ফ্যামিলিওয়ালা'র জীবনে যেরকম নানান আবেগ মিশে থাকে, সেই অনুভূতিকেই তুলে ধরার চেষ্টা করেছেন প্রথম ঝলকে। ফার্স্ট লুকের শেষার্ধে বিশেষ মাত্রা যোগ করেছে অনুপম রায়ের সুরে তৈরি সিনেমার টাইটেল ট্র্যাকের অংশ। যা কিনা পারিবারিক ব্যক্তি হয়ে ওঠার গল্পকে যোগ্যসঙ্গত দেয়। পাশাপাশি 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র সেটেও জমজমাট জন্মদিন পালন হচ্ছে। আয়োজনের কলেবর কীরকম? জানার জন্য সংবাদ প্রতিদিন-এর তরফে ফোনে ধরা হয়েছিল স্ত্রী জিনিয়া সেনকে। মঙ্গলবার রাতেই কলকাতা থেকে বিষ্ণুপুরে পৌঁছে গিয়েছেন তিনি। তবে একা যাননি! রাতের সফরের সঙ্গী পেল্লাই সাইজের এক ম্যাঙ্গো কেক।
বিষ্ণুপুরে 'বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু'র সেটে শিবপ্রসাদের জন্মদিন পালন।
"বাড়ির রীতি মেনে কাঁসার থালা, বাটি-সহ বেশ কয়েকটা পদও রেঁধে এনেছি। কারণ প্রতিবার জন্মদিনে কাঁসার বাসনেই ওকে খেতে দেওয়া হয়। মাটন, দই মাছ, পায়েস এসব কলকাতা থেকে রেঁধে নিয়ে এসেছি। আর এখানে গণেশদা পাঁচরকম ভাজার পাশাপাশি গরমের কথা মাথায় রেখে পাতলা চিকেনের ঝোল, মাগুর মাছের ঝোল রেঁধেছে।"
জিনিয়া বললেন, "কলকাতা থেকে কাঁপতে কাঁপতে চিলিং টেম্পারেচারে গাড়িতে করে নিয়ে বিষ্ণুপুরে এলাম। শিবু জানত না। আর সারপ্রাইজ দেওয়ার জন্য ওঁর প্রিয় ছোট একটা ড্রাই আমন্ড কেকও নিয়ে এসেছি।" সেখানে গতকাল রাত থেকেই শুরু হয়ে গিয়েছে 'ক্যাপ্টেন অফ দ্য শিপ'-এর জন্মদিন উদযাপন। চিত্রনাট্যকার জিনিয়া জানালেন, আমরা আসলে কেউই শুটিংয়ের পর রাতে ওকে খুব একটা কষ্ট দিতে চাইনি, কিংবা জাগিয়েও রাখতে চাইনি! তাই বারোটা বাজার আগেই কেক কেটে ফেললাম সকলে। ঠিক যখন এসব সেরে ঘুমোতে যাওয়া হবে, তখন আবার বারোটা নাগাদ কৌশানী (মুখোপাধ্যায়) কেক নিয়ে এসে হাজির। আবার সেটা কাটা হল।
কলকাতা থেকে জিনিয়া সেনের নিয়ে যাওয়া কেক।
আর জন্মদিন স্পেশাল উদরপূর্তি? জিনিয়ার কথায়, "বাড়ির রীতি মেনে কাঁসার থালা, বাটি-সহ বেশ কয়েকটা পদও রেঁধে এনেছি। কারণ প্রতিবার জন্মদিনে কাঁসার বাসনেই ওকে খেতে দেওয়া হয়। মাটন, দই মাছ, পায়েস এসব কলকাতা থেকে রেঁধে নিয়ে এসেছি। আর এখানে গণেশদা পাঁচরকম ভাজার পাশাপাশি গরমের কথা মাথায় রেখে পাতলা চিকেনের ঝোল, মাগুর মাছের ঝোল রেঁধেছে।" 'বার্থডে বয়'-এর উপহার প্রসঙ্গে জিনিয়া জানালেন, "শিবু সবসময়ে আগে থেকে বলে দেয় ওর কী কী লাগবে? এবারও তার ব্যতিক্রম ঘটেনি। ও বলেছিল, বাড়ির পোশাক পুরনো হয়ে গিয়েছে, তাছাড়া সপ্তাহে সাতদিন আলাদা মোজা ব্যবহার করে ও। যেগুলো সোম-মঙ্গল করে লেখা থাকে। সেগুলোও সব হারিয়ে ফেলেছে। তাই এবার জন্মদিনে ওকে হালকা সুতির ট্রাউজার, স্যান্ডো গেঞ্জি, শার্ট, মোজা এসবই উপহার দিয়েছি।"
জন্মদিনে 'ফ্যামিলিওয়ালা' অবতারে চমক দিলেন পরিচালক-অভিনেতা। ছবিতে প্রযোজক শিবপ্রসাদ অভিনেতার আসনে। যিনি 'কণ্ঠ', 'বহুরূপী'র মতো উইন্ডোজ-এর একাধিক সিনেমায় অভিনেতা হিসেবে নিজের 'জাত' বুঝিয়েছেন।
শিবপ্রসাদ মুখোপাধ্যায়, টেলিদর্শকের সেই প্রিয় 'লালু' থেকে তিনি আজ দর্শকের নাড়ির স্পন্দন বুঝতে পারা সার্থক এক পরিচালক। নন্দিতা রায়ের সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেইন্ডাস্ট্রিকে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন শিবপ্রসাদ। এবারের জন্মদিনে 'ফ্যামিলিওয়ালা' অবতারে চমক দিলেন পরিচালক-অভিনেতা। ছবিতে প্রযোজক শিবপ্রসাদ অভিনেতার আসনে। যিনি 'কণ্ঠ', 'বহুরূপী'র মতো উইন্ডোজ-এর একাধিক সিনেমায় অভিনেতা হিসেবে নিজের 'জাত' বুঝিয়েছেন। এই সিনেমার সুবাদেই সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ব্যানারে প্রথমবার পরিচালক হিসেবে যোগ দিলেন সুমন ঘোষ। তবে চমক এখানেই শেষ নয়। সিনেসংলাপ ধার করে বলতে হলে- পিকচার অভি হ্যায়! প্রথম থেকেই ‘ফ্যামিলিওয়ালা’র নায়িকামুখ নিয়ে সিনেমহলে কৌতূহল ছিল। ‘কণ্ঠ’র পর আবারও জোড়া নায়িকাকে দেখা যাবে শিবপ্রসাদের বিপরীতে। ‘ফ্যামিলিওয়ালা’র সুবাদেই উইন্ডোজ-এর ঘরে প্রথমবার পা রাখছেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সুদীপ্তা চক্রবর্তী।
এই ছবির গল্পটা কীরকম? জানা গেল, আদ্যোপান্ত ফ্যামিলি ড্রামার সঙ্গে উপরি পাওনা হিসেবে থাকছে কৌতুকরস। প্রযোজক-পরিচালক হিসেবে নন্দিতা-শিবপ্রসাদ বরাবরই পারিবারিক গল্প বলায় সিদ্ধহস্ত। অতঃপর ‘ফ্যামিলিওয়ালা’র ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম ঘটবে না, হলফ করে বলা যায়। চলতি বছরেই মুক্তি পাবে ছবিটি।
