shono
Advertisement
Farhan Akhtar

এবার হলিউডে ফারহান আখতার, অভিনয় করবেন পণ্ডিত রবিশঙ্করের চরিত্রে

ফারহানের এই নতুন জার্নি নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর দিল সোনি পিকচার্স।
Published By: Arani BhattacharyaPosted: 04:49 PM Feb 13, 2026Updated: 08:53 PM Feb 13, 2026

বিশ্ব দরবারে তিনি বন্দিত, তাঁর সেতারের মূর্ছনা আপামর সঙ্গীত প্রেমীকে ঠিক কতটা বুঁদ করেছে তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। তিনি আর কেউ নন পণ্ডিত রবিশঙ্কর। এবার পর্দায় ফুটে উঠবে সেতার সম্রাটের জীবনকাহিনী। রবিশঙ্করের চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে (Farhan Akhtar)।

Advertisement

ফারহানের এই নতুন জার্নি নিয়ে অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর দিল সোনি পিকচার্স। প্রযোজনা সংস্থার সোশাল মিডিয়া হ্যান্ডেলে ফলাও পোস্টেই এই খবর জানানো হয়েছে। সেখান থেকেই জানা যাচ্ছে, পণ্ডিত রবিশঙ্করের চরিত্রে অভিনয়ের মাধ্যমেই হলিউডে অভিষেক ঘটবে ফারহানের। এটি মূলত বায়োপিক। অস্কারজয়ী পরিচালক স্যাম মেন্ডেসের আগামী এই জীবনিচিত্রের নাম 'দ্য বিটল্‌স'।

 

এদিন এই খবর নিশ্চিত হওয়ার পর থেকেই আবেগে ভাসছেন এদেশের সিনেপ্রেমীরা। কারণ বাঙালির তো বটেই একইসঙ্গে সারা দেশের গৌরব পণ্ডিত রবিশঙ্কর। এই বায়োপিকে তুলে ধরা হবে চারটি আলাদা গল্প। রকব্যান্ড 'দ্য বিটল্‌স'-এর সঙ্গে রবিশঙ্করের সুসম্পর্কের দিকটি তুলে ধরা হবে। শোনা যায়, এই ব্যান্ডের অন্যতম সদস্য জর্জ হ্যারিসনের সঙ্গে অত্যন্ত সখ্যতা ছিল পণ্ডিত রবিশঙ্করের। এমনকী দু'জনের বন্ধুত্ব নিয়ে একাধিক সাক্ষাৎকারেও মুখ খুলেছেন তিনি। ভাগ করেছেন মঞ্চও। সেই সবকিছুই এবার ফুটে উঠবে পর্দায়।

এবার পর্দায় ফুটে উঠবে সেতার সম্রাটের জীবনকাহিনী। রবিশঙ্করের চরিত্রে দেখা যাবে ফারহান আখতারকে।

বায়োপিকে ফারহান আখতার ছাড়া আর কোনও ভারতীয় অভিনেতা থাকছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে হলিউডের একঝাঁক তারকা যে 'দ্য বিটল্‌স'-এ থাকবেন তা শোনা যাচ্ছে। উল্লেখ্য, এই মুহূর্তে 'ডন ৩' নিয়ে চর্চায় ফারহান। বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি নিয়ে তাঁর ও রণবীরের টানাপোড়েন চলছেই। দূরত্বও বেড়েছে বেশ। সেই টানাপোড়েনের মাঝেই এবার প্রকাশ্যে এল ফারহানের হলিউডে অভিষেকের খবর। সব ঠিক থাকলে নাকি আগামী বছর মুক্তি পাবে এই 'দ্য বিটলস'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement