সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। 'কথা' ধারাবাহিকের সূত্রে তাঁদের জুটির জনপ্রিয়তা তুঙ্গে। তবে ধারাবাহিক শেষ হয়ে গেলেও সাহেব-সুস্মিতার কেমিস্ট্রি নিয়ে আলোচনা থামেনি। শনিবার ভ্যালেন্টাইনস ডে, এই বিশেষ দিন নিয়ে কী বলছেন? কীভাবেই বা কাটাবেন তাঁরা?
প্রশ্ন শুনেই সাহেব বললেন, "আমরা কি এখনও এই দিনটা অতিক্রম করে যাইনি! এখনও পর্যন্ত সেরকম কোনও পরিকল্পনা নেই। কাজের প্ল্যানই আছে। অন্য বছর যে ভীষণ ধুমধাম করে ভ্যালেন্টাইনস ডে সেলিব্রেট করি, তেমন নয়। আমার কাছে এটা আর পাঁচটা দিনের মতোই।" কিন্তু সুস্মিতা আর সাহেবের জুটি তো চর্চিত, কী বলবেন? "যতদিন চর্চা চলছে ততদিন ভালো। অনেকেই বলেছিল, শো শেষ হওয়ার পরে মানুষের মন থেকে মুছে যাব। কাজের মাধ্যমে আমরা যে জায়গাটা ধরে রাখতে পেরেছি, সেটা বড় পাওনা। দর্শকের এই ভালোবাসা বিরাট প্রাপ্তি", মন্তব্য সাহেবের।
ভালোবাসা উদযাপন করার কোনও বিশেষ দিন হয় না, প্রত্যেক দিনই ভালোবাসা উদযাপন করা যায়। তবে ফেব্রুয়ারিতে এমন একটা দিন থাকলে সেলিব্রেট করা যেতেই পারে।
সত্যি করে বলুন তো, বিশেষ সম্পর্ক নেই? "না, তেমন নয়। বন্ধুত্ব আছে। উই আর ভেরি কমপ্যাটিবল কো-অ্যাক্টরস। নিশ্চয় আমাদের একটা বন্ডিং আছে। তবে মোর দ্যান ফ্রেন্ডস না (হাসি)। আমরা টেলিভিশনের পরে 'সিরাজ এবং' নাটকে একসঙ্গে কাজ করছি।" জানালেন অভিনেতা। তবে সাহেব ভট্টাচার্য আগেও নাটক মঞ্চস্থ করেছেন, 'বেহালা বাতায়ন' দলের থেকে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় তিনি আর সোহিনী সরকার জুটি বেঁধেছিলেন। পরে সাহেব, দেবলীনা কুমার, ইন্দ্রাশিস রায় মিলে 'যদি একবার' বলে একটি নাটকও করেন। আর সুস্মিতা?
সাহেব-সুস্মিতার ভ্যালেন্টাইন ডে'র প্ল্যান কী? ছবি- সংগৃহীত
'কথা' অভিনেত্রী জানালেন, ভ্যালেন্টাইনস ডে-তেও শুটিং করছেন, বাইরে রয়েছেন। "শুটিংই আমার প্রথম প্রেম", হাসতে হাসতে বললেন তিনি। তাঁর মতে, "ভালোবাসা উদযাপন করার কোনও বিশেষ দিন হয় না, প্রত্যেক দিনই ভালোবাসা উদযাপন করা যায়। তবে ফেব্রুয়ারিতে এমন একটা দিন থাকলে সেলিব্রেট করা যেতেই পারে। আমার কাছে এটা বিরাট কিছু না, একটা কাপল একসঙ্গে বসে মুভি দেখতে পারে, কফি খেতে পারে, সেটাও সেলিব্রেশন।" টেলিভিশনের পরেও তাঁদের জুটির ব্যক্তিগত সমীকরণ নিয়ে চর্চা চলছে। এটা কীভাবে দেখেন? হাসিমুখে অভিনেত্রী জানালেন, "ভালো লাগে। এটাই তো দর্শকের ভালোবাসা। তাঁরা আমাদের এখনও ভালোবাসছেন, ধারাবাহিক শেষ হওয়ার চার-পাঁচ মাস পরেও, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।" কী নিয়ে সাহেব-সুস্মিতার সবচেয়ে বেশি কথা হয়? "শুটিং নিয়ে, কাজ নিয়ে বেশি কথা হয়", বলছেন সুস্মিতা। তিনি এই মুহূর্তে একটা ওয়েব সিরিজের শুটিংয়ে সিকিমে রয়েছেন। এটাই সুস্মিতা দে'র ওয়েব ডেবিউ। তার পরে থিয়েটারের শো আছে ফেব্রুয়ারির শেষদিকে।
