নামের সঙ্গে তারকাখ্যাতি জুড়ে গেলেই আরও একটু সাবধানী হতে হয় বই কী! তার মধ্যেও ঘটে যায় কত অপ্রত্যাশিত ঘটনা। পরিস্থিতি বেসামাল হলে অগত্যা ময়দানে নামতে হয় খোদ তারকাকেই। সম্প্রতি সেইরকমই এক ঘটনার সাক্ষী থাকলেন বলিউডের 'কমেডি কিং' গোবিন্দা (Govinda)। সম্প্রতি 'মিসেস ইন্ডিয়া ক্যুইন মেরি সিজন ৪'-এর গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের একটি ভিডিও সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।
অভিযোগ, গোবিন্দার এক নিরাপত্তারক্ষী সেখানে উপস্থিত আলোকচিত্রীকে ধাক্কা মারেন। ঘটনা ঘিরে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত এগিয়ে আসেন গোবিন্দা। শুধু তাই নয়, প্রকাশ্যে ক্ষমাও চান অভিনেতা। ঠিক কী ঘটেছিল যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়? অনুষ্ঠান শেষে তিনি যখন ভেন্যু থেকে বেরচ্ছিলেন তখন গোবিন্দাকে ঘিরে ধরেন অনুগামীরা। সেই সঙ্গে ছবি শিকারীদের উপচে পড়া ভিড়! আর ঠিক মুহূর্তেই ছবি তোলাকে কেন্দ্র করে তৈরি হয় চরম বিশৃঙ্খল পরিস্থিতি।
ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গোবিন্দার নিরাপত্তারক্ষী ভিড় সামলানোর সময় এক পাপারাজ্জির সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সংশ্লিষ্ট প্যাপকে বলতে শোনা যায়, "আপনি এভাবে কেন হাত দিচ্ছেন ?" পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে গোবিন্দা নিজে হস্তক্ষেপ করে সকলকে শান্ত করার চেষ্টা করেন। পাপারাজ্জির দিকে ইশারা করে গোবিন্দা তাঁর দেহরক্ষীকে বলেন, "ও আমার বন্ধু।" এরপরই আলোকচিত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চান অভিনেতা। অবশেষে পরিস্থিতি শান্ত হলে গোবিন্দা অনুষ্ঠাস্থল থেকে নিজের গাড়ির দিকে এগিয়ে যান।
গোবিন্দার ভূমিকায় মুগ্ধ ভক্তমহল। পরিস্থিতি সামলানোর পদ্ধতি দেখে প্রশংসা করেন অনুরাগীরা। কেউ লিখেছেন, 'গোবিন্দা খুবই শান্ত স্বভাবের একজন মানুষ।' কারও মতে, 'গোবিন্দা খুব দয়ালু। এটা আমার খুব ভালো লেগেছে।' পেশাদার অভিনেতা সম্বোধন করে এক ভক্তের সংযোজন, 'গোবিন্দাজি খুব শান্ত ও পেশাদারিত্বের সঙ্গে বিষয়টি সামলেছেন।'
