‘টাটিরি’ নিয়ে বিতর্কে জর্জরিত খ্যাতনামা র্যাপার বাদশা। নারীর সম্মান ক্ষুণ্ণ করার অভিযোগে এই মুহূর্তে জর্জরিত তিনি। তবে এই প্রথম নয় অতীতেও গান বেঁধে এমন সমস্যার সম্মুখীন হয়েছেন হরিয়ানার ভূমিপুত্র। আর এবার এমন এক গান বাঁধলেন যে তার জেরে নিজ ভূমেই তিনি হয়েছেন ব্রাত্য। হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাঁকে। এবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলল হরিয়ানা মহিলা কমিশন।
হরিয়ানা মহিলা কমিশনের সভাপতি রেণু ভাটিয়া এর আগে বাদশাকে হুশিয়ার করে তাঁকে সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। বিতর্কের পারদ চড়তেই ক্ষমা চান বাদশা। তবে তা সোশাল মিডিয়ায়। সশরীরে হাজিরা দেননি তিনি আর তাতেই চটেছেন রেণু ভাটিয়া। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে রেণু ভাটিয়া বলেন, "আমরা এই নিয়ে আবেদন জানিয়েছি। বাদশাকে যেভাবেই হোক, যেখান থেকেই হোক গ্রেপ্তার করতে হবে। তিনি যেভাবে গানে হরিয়ানার মেয়েদের অপমান করেছেন তা ক্ষমার অযোগ্য। ১৩ মার্চের আগে বাদুশাকে থানায় এসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করাও হয়েছে।" যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বাদশার পাসপোর্ট।
হরিয়ানার মাটিতে একটাও অনুষ্ঠান করতে দেওয়া হবে না এই বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তাঁকে। এবার বাদশাকে গ্রেপ্তারের দাবি তুলল হরিয়ানা মহিলা কমিশন।
র্যাপার বাদশা, ছবি: সোশাল মিডিয়া।
এর আগে বাদশা প্রসঙ্গে রেণু ভাটিয়া বলেছিলেন, “শিল্পীদের কণ্ঠ, তাঁদের গলার সুর ঈশ্বরপ্রদত্ত। তা এভাবে অপব্যবহার করার জন্য নয়। একইভাবে এই বার্তা প্রত্যেক সঙ্গীতশিল্পীর কাছেই পৌঁছান দরকার। শুধু তাই নয়, মহিলাদের প্রতি এমন মনোভাব ও ভাষা যে বা যারাই প্রয়োগ করেন না কেন তাঁদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া ও সজাগ হওয়া উচিত।” পয়লা মার্চ ‘টাটিরি’ গানটি নিজের সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন বাদশা। যদিও প্রথমটায় এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দিন দুয়েক কাটতে না কাটতেই নিন্দার ঝড় নেটভুবনে। কেন? কারণ গানের কথা ও দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরার অভিযোগ তুলে রে-রে করে উঠেছে শ্রোতামহল। ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে বাদশার বিরুদ্ধে আপত্তি তোলে হরিয়ানা মহিলা কমিশন।
