আট বছরের দীর্ঘ সম্পর্ক পরিণতি পেয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। উদয়পুরে ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে বিয়ে সেরেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবরাকোন্ডা। নেটপাড়া জুড়ে এখন শুধু তাঁদেরই বিয়ের ছবি। নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা। কিন্তু এই স্বপ্নের বিয়ে অবধি পৌঁছনোর সফর খুব সহজ ছিল না। বহু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল রশ্মিকাকে। বিজয়ের সঙ্গে দ্বিতীয় ছবি করার সময়ই বাধা হয়ে দাঁড়ায় পরিবার। ঠিক কী হয়েছিল?
সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খোলেন এই নিয়ে রশ্মিকা। তিনি বলেন, "২০১৮ সালে 'গীত- গোবিন্দম' হিট হওয়ার পর বিজয়ের সঙ্গে দ্বিতীয় ছবি করার সময়ই আমার পরিবারের সকলে একেবারেই রাজি ছিলেন না। আসলে তাঁদের ধারণা ছিল ফিল্মি দুনিয়া মেয়েদের জন্য একেবারেই সুরক্ষিত নয়। আর সেই ধারণা থেকেই তাঁরা চেয়েছিলেন আমি প্রথম ছবির সাফল্যের স্বাদ নিয়েই বিরত হই। আমাকে তাঁদের রাজি করাতে প্রচুর পরিশ্রম করতে হয়েছিল। পরিচালক ভারত কাম্মা যখন আমাকে চিত্রনাট্য পাঠান আমি উদগ্রীব হয়ে উঠি তাঁর 'ডিয়ার কমরেড' ছবিতে অভিনয় করার জন্য। কিন্তু আমার পরিবার আমাকে বলে বিজয়ের সঙ্গে আর দ্বিতীয় ছবি না করতে। আমি তাঁদের বুঝিয়ে বলি বিষয়টা বিপরীতে কে অভিনয় করছে তার নয় বিষয়টা হল আমি অভিনয় করতে ভালোবাসি ও সফল অভিনেত্রী হতে চাই। 'লিলি' চরিত্রটা করার জন্য আমি রীতিমতো লড়াই করেছি।"
রিসেপশনের সাজে বিরোশ। ছবি: সোশাল মিডিয়া
বলে রাখা দরকার সেই ছবিতে বিজয়ের সঙ্গে পর্দায় চুম্বন দৃশ্য নিয়েও কম জলঘোলা হয়নি। সেই নিয়েও বিজয় বলেছিলেন যে সেই দৃশ্যে অভিনয় করার পর তা রশ্মিকার জীবনে কতটা প্রভাব ফেলেছে। যদিও 'গীত গোবিন্দম' ও 'ডিয়ার কমরেড'-এর পর তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। তারপর দীর্ঘ বছর পর ফের তাঁদের দেখা যাবে 'রাণাবলী'তে। বর্তমানে বিজয়-রশ্মিকার সুখী গৃহকোণ। প্রায় আট বছরের সম্পর্কের মধুরেণ সমাপয়েৎ হয়েছে উদয়পুরে।খাঁটি দক্ষিণী নিয়ম মেনে বিয়ে সেরেছেন তারকা যুগল। তেলেগু ও কোডাভা নিয়মে বিয়ে সারেন তাঁরা।
