shono
Advertisement
Don 3

'ডন ৩' গুঞ্জনে ইতি টানলেন হৃতিক, 'আমার কাছে কোনও প্রস্তাবই আসেনি', সপাট জবাব অভিনেতার

ফারহানের সঙ্গে রণবীরের দূরত্ব বাড়ার পর এই জল্পনা আরও জোরদার হয়েছিল। অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই বোধহয় সত্যি হবে শেষমেশ। এবার লাগাতার এই জল্পনায় মুখ খুললেন হৃতিক।
Published By: Arani BhattacharyaPosted: 09:55 PM Feb 13, 2026Updated: 09:55 PM Feb 13, 2026

বিনোদুনিয়া মানেই তাতে থাকবে ভরপুর মুচমুচে গসিপ। তা তারকাদের প্রেমজীবন নিয়েই হোক বা কোনও ছবি নিয়ে। সেরকমই প্রতিনিয়ত নানা আলোচনা শোনা যাচ্ছে ফারহান আখতারের 'ডন ৩' নিয়ে। রণবীরের পরিবর্তে নাকি সেই চরিত্রে দেখা যাবে হৃতিক রোশনকে। এমনটাই শোনা গিয়েছিল। ফারহানের সঙ্গে রণবীরের দূরত্ব বাড়ার পর এই জল্পনা আরও জোরদার হয়েছিল। অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই বোধহয় সত্যি হবে শেষমেশ। এবার লাগাতার এই জল্পনায় মুখ খুললেন হৃতিক।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে সপাট জবাব দেন বলিউডের 'গ্রিক গড'। হৃতিক বলেন, "ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গিয়েছে। কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে। যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে গুঞ্জন আমি নাকি 'ডন ৩' ছবিতে অভিনয় করছি। স্পষ্ট করে আমি একটাই কথা বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতোয় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনও এই ছবির প্রস্তাব আসেইনি। যা রটছে তা পুরোটাই ভুয়ো, ভিত্তিহীন। তাই সংবাদমাধ্যমকেও অনুরোধ এই নিয়ে গুজব ছড়ানোর আগে সঠিক খবরটা জানুন তারপর বলুন।"

রণবীর সিং ও ফারহান আখতার, ছবি: সোশাল মিডিয়া।

বলে রাখা ভালো, এর আগে ফারহানের 'ডন ৩' নিয়ে চর্চার মুখে রণবীর দাবি করেছিলেন তাঁর জায়গায় নির্মাতারা হৃতিককেই এই চরিত্রের জন্য বেছেছেন। এবার হৃতিকের এই নিয়ে সপাট জবাবের পর অনেকের মনেই এই প্রশ্নের উদ্রেক হচ্ছে তাহলে কি রণবীর 'ডন ৩' ছবিতে হৃতিকের যোগদান নিয়ে মিথ্যা বলেছিলেন? অন্যদিকে এই ছবি নিয়ে মন কষাকষি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রণবীর ও ডিরেক্টর সাহেব ফারহানের। এমনকী একে অপরকে সোশাল মিডিয়ায় আনফলোও করেছেন। এবার হৃতিকের সাফ জবাবের পর 'ডন ৩' নিয়ে নতুন কোন বিতর্ক দানা বাঁধে তার অপেক্ষায় প্রমাদ গুনছেন দর্শক-অনুরাগীরা।

উল্লেখ্য, এর আগে ‘ডন ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল হৃতিককে। ছবিতে যখন ছদ্মবেশে গা ঢাকা দেন শাহরুখ তখন হৃতিককে দেখা গিয়েছিল সেই চরিত্রে। এর আগে এক সাক্ষাৎকারে ফারহান নিজে জানিয়েছিলেন যে, ‘ডন’ চরিত্রে শাহরুখ নন বরং তাঁর প্রথম পছন্দ ছিল হৃতিক। উল্লেখ্য, ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোর পর শোনা গিয়েছিল যে, ‘ধুরন্ধর’ তুমুল সাফল্যের মুখ পরই রণবীর নাকি সিনেমা নির্বাচনের ক্ষেত্রে বেশ সচেতন হয়ে উঠেছেন। কারণ দীর্ঘদিন বাদে এই সিনেমার হাত ধরেই ‘খিলজি’র মন্দা কেরিয়ারের ‘শাপমোচন’ ঘটেছে। তাই পরপর দুটো গ্যাংস্টার সিনেমায় অভিনয় করতে নারাজ অভিনেতা। কথা ছিল, ধুরন্ধর-এর বিজয়রথের চাকা গড়ালেই ‘ডন ৩’ সিনেমার শুটিং শুরু করবেন অভিনেতা। কিন্তু সেসব এখন অতীত। আপাতত ‘ডন’ নায়কের সন্ধানে ছবির টিম। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement