shono
Advertisement
Isha Arjun

রাজনীতি আর রোম্যান্সের 'ফাঁদ'-এ ইশা-অর্জুন! নতুন পলিটিক্যাল ড্রামায় ছকভাঙা লুকে জুটি

রাজনীতির সঙ্গে রোম্যান্সের ছোঁয়াও রাখা হয়েছে চিত্রনাট্যে। খবর, ইশা-অর্জুন আর সুহোত্রকে ঘিরেই আবর্তিত হবে এই ত্রিকোণ প্রেমের গল্প। গল্পটা কেমন?
Published By: Sandipta BhanjaPosted: 05:25 PM Mar 09, 2026Updated: 05:25 PM Mar 09, 2026

'সোনাদা' ফ্র্য়াঞ্চাইজির পর ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী যে আবারও জুটি হিসেবে ফিরছেন, সেখবর ফেব্রুয়ারি মাসের গোড়াতেই জানা গিয়েছিল। রাজনৈতিক ছবি 'ফাঁদ'-এর অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছেন তাঁরা। যে সিনেমায় নেতা-অভিনেতা কুণাল ঘোষ, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ইশা-অর্জুন। 'সোনাদা'র সুবাদে টলিপাড়ার বর্তমান প্রজন্মের অন্যতম প্রিয় জুটি হিসেবে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছেন তাঁরা। অতঃপর নতুন পলিটিক্যাল ড্রামায় তাঁদের কেমন লুকে দেখা যাবে? সেই কৌতূহল অস্বাভাবিক নয়।

Advertisement

দুলাল দে পরিচালিত 'ফাঁদ' সিনেমায় একেবারে ছকভাঙা অবতারে ধরা দেবেন ইশা সাহা এবং অর্জুন চক্রবর্তী। গতবার জীতু কমলকে নিয়ে ক্রীড়াধর্মী গোয়েন্দা ছবি উপহার দিয়েছিলেন। এবার দ্বিতীয় সিনেমার ক্ষেত্রেও চমক রেখেছেন পরিচালক-অভিনেতা। পলিটিক্যাল ড্রামা। বাংলার রাজনৈতিক ইতিহাসের তিন অধ্যায় ফুটে উঠবে ছবিতে। এবং প্রত্যেক চরিত্রের মধ্যেই একাধিক স্তর রয়েছে। যে গল্প কিংবা চরিত্রগুলো আজকের দিনে ভীষণভাবে প্রাসঙ্গিক। বর্তমান প্রজন্ম যে এই গল্পের সঙ্গে অনায়াসেই একাত্ম হতে পারবেন, সেবিষয়ে আশাবাদী পরিচালক। তবে রাজনীতির সঙ্গে রোম্যান্সের ছোঁয়াও রাখা হয়েছে চিত্রনাট্যে। খবর, ইশা-অর্জুন আর সুহোত্রকে ঘিরেই আবর্তিত হবে এই ত্রিকোণ প্রেমের গল্প। গল্পটা কেমন?

'ফাঁদ' লুকে অর্জুন, ইশা ও সুহোত্র।

ছবিতে ইশা অভিনীত চরিত্রের নাম রুমকি। অর্জুনকে দেখা যাবে অনির্বাণ নামের এক চরিত্রে। অন্যদিকে সুহোত্রের চরিত্রের নাম সন্দীপ। তাঁরা প্রত্যাকেই কলেজ পড়ুয়া। তিন প্রজন্মের রাজনৈতিক প্রেক্ষাপটে সময়ের সঙ্গে তিন বন্ধুর সমীকরণ কেমন হবে? সেই গল্পই ইশা-অর্জুন ও সুহোত্রর চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলবেন পরিচালক দুলাল দে। চলতি মার্চ মাস থেকেই সিনেমার শুটিং শুরু। তার প্রাক্কালে পলিটিক্যাল ড্রামার তিন চরিত্রের লুক প্রকাশ্যে এল। পরনে শাড়ি, সাদামাটা লুকে দেখা গেল ইশা সাহাকে। ব্যাগ কাঁধে ঝাঁকড়া চুলে অর্জুন চক্রবর্তী। সুহোত্রর লুকেও পিরিয়ডিক ছোঁয়া বজায় রাখা হয়েছে। যদিও 'ফাঁদ'-এর এই তিন বন্ধুর সমীকরণ নিয়ে এখনই খুব একটা খোলসা করতে চাইছেন না পরিচালক, তবে ঘোষণার পর থেকেই চর্চায় ছবির কাস্টিং। কারণ ‘কর্পূর’-এর পর ‘ফাঁদ’ নেতা-অভিনেতা কুণাল ঘোষের তৃতীয় ছবি হতে চলেছে। কানাঘুষো, এবার আর নেতা নয়, পর্দায় দাপুটে পুলিশ আধিকারিকের ভূমিকায় ধরা দেবেন তিনি। তার ভূমিকায় থাকছেন গোয়েন্দা ‘একেনবাবু’ অনির্বাণ। আর ঋত্বিক চক্রবর্তীকে পাওয়া যাবে ধূসর চরিত্রে। গল্পের ‘অ্যান্টাগনিস্ট’ তিনিই। ফুটবলার ব্যারেটোকেও দেখা যাবে বিশেষ এক চরিত্রে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement