'দম থাকলে ঠেকায় কে?' ইদে মুক্তি পাবে রেদওয়ান রনির ছবি 'দম'। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পাবে এই ছবি। রবিবার প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। ছবিতে যে দর্শকের জন্য বহু চমক অপেক্ষা করছে তা বলাই বাহুল্য। সঙ্গে প্রকাশ্যে এসেছে ছবির ৫৪ সেকেন্ডের একটি প্রচার ঝলকও। যা দেখে উন্মাদনার পারদ একটু একটু করে চড়ছে।
এই গোটা ঝলকে শুধু একটিই সংলাপ শোনা যাচ্ছে আফরান নিশোর মুখে। বাকি প্রচার ঝলকে ফুটে উঠেছে ক্রূরতা ও নৃশংসতা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হতে চলেছে এই ছবি। তবে প্রেক্ষাপট সঠিকভাবে এখনই না প্রকাশ করলেও খানিক আন্দাজ করা যাচ্ছে যে, এর নেপথ্যে রয়েছে এক বড় ইতিহাস। তবে সেসব ছাড়াও এই ছবির মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে যাঁরা তাঁরা হলেন, চঞ্চল চৌধুরী ও আফরান নিশোর যুগলবন্দি। বাংলাদেশের পাশাপাশি এদেশেও তাঁরা দু'জন যথেষ্ট জনপ্রিয় দর্শকের দরবারে। অসংখ্য গুণমুগ্ধ তাঁদের এদেশেও। আর তাই সবমিলিয়ে এই ছবির জন্য দর্শকমহলে যে উন্মাদনার পারদ চড়ছে তা বলাই বাহুল্য।
'দম' ছবিতে চঞ্চল চৌধুরী, ছবি: সংগৃহীত।
২০২৩ সালে প্রথম এই ছবির ঘোষণা করেছিলেন পরিচালক রেদওয়ান রনি। ২০২৪ সালের জুলাই নাগাদ এই ছবির শুটিংয়ে যোগ দেন আফরান। চরিত্রের প্রয়োজনে তাকে কমাতে হয়েছিল ওজন। আমূল পরিবর্তন আনতে হয়েছিল চেহারায়। এর আগে চলতি মাসেই প্রকাশ্যে এসেছিল ছবির পোস্টার।
'দম' ছবিতে আফরান নিশো, ছবি: সংগৃহীত।
সেই পোস্টার দেখেও যে দর্শকমনে তুমুল উন্মাদনার সৃষ্টি হয়েছিল তা বলাই বাহুল্য। এবার যেন সেই উন্মাদনা আরও খানিক উসকে দিলেন পরিচালক। বাংলাদেশ ও কাজাখস্তানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে হয়েছে ছবির শুটিং। চঞ্চল চৌধুরী ও আফরান নিশো ছাড়াও এই ছবিতে রয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে পূজা চেরি ও ডলি জহুর প্রমুখ।
