shono
Advertisement
Vicky Kaushal - Katrina Kaif

দাম্পত্য রসায়ন ফাঁস, ভিকির জন্মদিনে ছেলের ছবি প্রকাশ ক্যাটরিনার

ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করে মনের কথা উজাড় করে দেন ক্যাটরিনা। তার মধ্যে একটি ছবিতে দেখা গিয়েছে খুদেকে।
Published By: Sayani SenPosted: 12:30 PM May 17, 2026Updated: 12:59 PM May 17, 2026

ভিকি কৌশলের জন্মদিন বলে কথা। বিশেষ দিনে সোশাল মিডিয়া পোস্টে স্বামীকে আদরে সোহাগে ভরালেন ক্য়াটরিনা কাইফ। ফাঁস করলেন দাম্পত্যের গোপন রসায়ন। সঙ্গে এই প্রথমবার ছেলের ছবিও শেয়ার করলেন অভিনেত্রী। সবমিলিয়ে এবারের জন্মদিন যে অনেক বেশি স্পেশাল সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement

ইনস্টাগ্রামে চারটি ছবি পোস্ট করে মনের কথা উজাড় করে দেন ক্যাটরিনা। অভিনেত্রী লেখেন, "শুভ জন্মদিন... একই জায়গা, দু'বছর আগে এবং এখন কত পরিবর্তন হয়েছে। ভক্তি, ধৈর্য এবং বিশ্বাস... এবং আজ আমরা আমাদের ছোট্ট সন্তানকে নিয়ে তোমার জন্মদিন পালন করছি। আমার হৃদয় সত্যি আনন্দে ভরে গিয়েছে। আমি সত্যি ধন্য। গত কয়েক বছর ধরে তুমিই যেন আমার শক্তি, ভালোবাসা এবং ধৈর্যের আধার হয়ে উঠেছো। তোমার ধৈর্য একেবারে সাধুসন্তদের মতো।" তিনি আরও লেখেন, "আজ তুমি যা সে কারণে আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে ভালোবাসি কারণ, তুমি আমার প্রত্যেকটি প্রশ্নের জবাব দাও। যে প্রশ্নের জবাব হয়তো তুমি জানো না, সেগুলোরও জবাব দাও। আর এভাবে তুমি এখন পুরাণ থেকে এআই, মেকআপ থেকে স্বাস্থ্য, ব্যবসা সবকিছুতে অভিজ্ঞ হয়ে উঠেছো। জন্মদিনে আমি তোমার জন্য, ঘুম ভাঙা আর আমার প্রশ্ন শুরুর ফাঁকে আরও ২ কাপ বেশি ব্ল্যাক কফি প্রার্থনা করি।"

তবে এবারের জন্মদিনের শুভেচ্ছা সবচেয়ে নজরকাড়া খুদে বিহান। ক্যাটরিনার শেয়ার করা একটি ছবিতে তাকে দেখা গিয়েছে একঝলক। কেকে লেখা 'হ্যাপি বার্থডে পাপা'। গত বছরের নভেম্বর মাসে ভিকি-ক্যাটরিনার সন্তান বিহানের জন্ম। ছোট্ট সন্তানকে বড় করতে গিয়ে রোজনামচায় ঠিক কতটা বদল এসেছে তা বারবার ক্যাটরিনার পোস্টে উঠে এসেছে। তবে এখনও পর্যন্ত ছেলের মুখ দেখাননি তাঁরা। এবারের পোস্টেও ছোট্ট বিহানের মুখ দেখা যায়নি। পিছনদিক থেকে দেখা গিয়েছে তাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement