সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংগীত জগতে ফের নক্ষত্র পতন। প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় (Abhijit Banerjee )। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ীর প্রয়াণের পর, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে শোকের ছায়া সংগীত মহলে।
বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে হাসপাতালেও ভরতি হয়েছিলেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন তিনি। সুরকারের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচির মতো শিল্পীরা।
সন্ধ্য়া মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্রর মতো জনপ্রিয় শিল্পীরা গান গেয়েছেন তাঁর সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া ‘এখনও সারেঙ্গিটা বাজছে’.. গানটি বহুল জনপ্রিয় হয়। আশা ভোঁসলের কণ্ঠে ‘ও পাখি উড়ে আয়’, সুবীর সেনের কণ্ঠে ‘নয় থাকলেও আরও কিছুক্ষণ’ গানটি এখনও জনপ্রিয়।
[আরও পড়ুন: ভয়কে জয় করার গল্প বলে সোহাগ সেন ও কৌশিক বসুর নতুন নাটক ‘ধ্বস’ ]
সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”বিশিষ্ট সুরকার ও গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ। সুরারোপিত উল্লেখযোগ্য গান: ও পাখি উড়ে আয়, যদি কানে কানে ইত্যাদি। অভিজিৎবাবু পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত আকাদেমির সদস্য ছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের ক্ষতি হল। আমি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের গভীর সমবেদনা জানাচ্ছি।”
[আরও পড়ুন: ‘কোনও পছন্দ-অপছন্দ নয়, ইসলামে হিজাব বাধ্যতামূলক’, মন্তব্য জায়রা ওয়াসিমের]
