গ্রাসিয়াস লিও, আন্তর্জাতিক ফুটবলকে মেসির বিদায়ে (Lionel Messi Retirement) চোখে জল ভক্তদের। ইনস্টাগ্রাম বার্তায় নীল-সাদা জার্সি তুলে রাখার কথা জানিয়েছেন আর্জেন্তিনীয় কিংবদন্তি। গত ২১ বছর ধরে আর্জেন্টিনার জার্সিতে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছিলেন। কিন্তু আর সেই জাদু দেখা যাবে না। সে কথা ভেবে চোখে জল ফুটবলভক্তদের। কেউ কাঁদছেন, কেউ ধন্যবাদ জানাচ্ছেন। মেসির অবসর ঘোষণায় মন ভারাক্রান্ত নবাব বেগম করিনা কাপুর খানের (Kareena Kapoor Khan)।
লাল হৃদয়ের ইমোজি সহকারে ইনস্টা স্টোরিতে মেসির একটি ভিডিও শেয়ার করেছেন বেবো। যেখানে উজ্জ্বল হরফে লেখা, 'সারাজীবনের জন্য হৃদয়ে থেকে যাবে এই ১০ নম্বরটা।' করিনা কাপুর খান মেসিভক্ত, আজ আর নতুন করে বলার অবকাশই রাখে না। বিশ্বকাপ চলাকালীনও আর্জেন্টিনার জন্য গলা ফাটিয়েছেন করিনা। পঁচিশ সালে ডিসেম্বরে মেসির ভারত সফরে দুই সন্তানকে নিয়ে ছবি তুলেছিলেন করিনা। জেহ ও তৈমুর দুজনের পরনেই ছিল সেই ১০ নম্বর লেখা মেসির জার্সি।
দুই সন্তানকে নিয়ে মেসির পাশে ভক্ত করিনা
মেসির জন্য আবেগঘন করিনা
আর্জেন্তিনীয় কিংবদন্তির অবসর ঘোষণায় এই বিরল মুহূর্তগুলোই রয়ে যাবে স্মৃতির পাতায়, তা বললে অত্যুক্তি হবে না। করিনা ছাড়াও মেসির জন্য মন কেমন মালায়ালাম অভিনেতা ইন্দ্রজিৎ সুকুমারনের। যাকে সম্প্রতি দেখা গিয়েছে বলিউড মুভি 'বান্দর'এ। কিংবদন্তির ছবি শেয়ার করে ধন্যবাদজ্ঞাপন বার্তায় লিখেছেন, 'ফুটবলের দুনিয়ায় ২০ বছরের ম্যাজিক্যাল জার্নির জন্য অসংখ্য ধন্যবাদ। ফুটবল তোমাকে মিস করবে।' পোস্টের শেষে লাল হৃদয়ের ইমোজি।
তবে কান্না কিংবা স্মৃতিচারণ নয়, মেসির স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টে শুধুই আনন্দের মুহূর্ত। জাতীয় দলের সঙ্গে মেসির সাফল্য, বিশ্বকাপ জয়, তিন সন্তানের সঙ্গে অসংখ্য মুহূর্তের ছবি পোস্ট করেছেন। সঙ্গে আবেগঘন বার্তায় লিখেছেন, ‘এভাবে এই অধ্যায় শেষ হচ্ছে বলে, কী যে গর্ব হচ্ছে। আমি তোমাকে কষ্ট পেতে দেখেছি, ব্যর্থ হতে দেখেছি, আবার উঠেও দাঁড়িয়েছ। আমি দেখেছি যখন কোনও কিছু তোমার পক্ষে ছিল না, তখনও তুমি হাল ছাড়োনি। সবসময় ফিরে আসার চেষ্টা করেছ। আমি ভাগ্যবতী যে, বহু বছর পর তোমার স্বপ্নগুলো পূরণ হতে দেখেছি।’
