আদিত্য ধরের নির্দেশনায় নির্মিত সুপারহিট ছবি 'ধুরন্ধর ২' (Dhurandhar 2)। মুক্তির পরই দর্শকের মধ্যে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে। প্রথম সপ্তাহেই বিশ্বব্যাপী বক্স অফিসে হাজার কোটির গণ্ডি অতিক্রম করে গিয়েছে রণবীরের ছবি। 'ধুরন্ধর ২'-এর ক্যামেরার পিছনের কাহিনি জানতে উৎসুক সিনেপ্রেমীরা। শুটিংয়ের বেশ কিছু মজার ঘটনা ইতিমধ্যেই সামনে এসেছে। এবার প্রকাশ্যে আরও এক অদ্ভুত ঘটনা। আহত অর্জুন রামপালের চিকিৎসা করতে এসে হয়ে গেলেন অভিনেতা। শুনতে অবাক লাগলেও এটাই ঘোর বাস্তব। ঠিক কী ঘটেছিল 'ধুরন্ধর ২'-এর শুটিং সেটে?
মিডিয়া রিপোর্ট মোতাবেক, একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে মাথায় চোট পান অর্জুন রামপাল। এই ঘটনায় প্রথমে ইউনিটের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং আশঙ্কা করা হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। অভিনেতার চিকিৎসকের জন্য তড়িঘড়ি পাকখোয়ালের কাছে সেটে নিয়ে আসা হয় চিকিৎসক সানি অশোককে। তিনি লুধিয়ানার কালাখ গ্রামের একটি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত। ঘটনাটি ঘটেছিল ২০২৫-এর ৮ জুলাই। অর্জুনের প্রাথমিক চিকিৎসার পর তিনি জানান, চোট খুব একটা গুরুতর নয়।
কয়েকদিন পর শাহনেওয়াল এয়ারপোর্টে ফের শুটিং চলাকালীন অশোক সেটে যান। সেখানে পছন্দের নায়ক রণবীর সিংয়ের সঙ্গে দেখা করে সেলফির আবদার করেন। এরপরই আসে 'কাহানি মে ট্যুইস্ট'। নিজস্ব তোলার অনুরোধের পরই বদলে গেল ওই সরকারি চিকিৎসকের ভাগ্য। সংবাদমাধ্যমের সামনে ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, "আমি তো শুধু রণবীরের সঙ্গে ছবি তুলতে চেয়েছিলাম। উনি আমার কাঁধে হাত রেখে বললেন, ভাই, শুধু ছবি কেন তোমাকে সিনেমাতেই নিয়ে নেব।" এ তো পুরো মেঘ না চাইতেই জল!
বাস্তবের পেশাদার চিকিৎসককে 'ধুরন্ধর ২'-তেও একই ভূমিকায় দেখা যায়। পরিচালক আদিত্য ধর সানি অশোককে বলেছিলেন সিনেমার শেষ দৃশ্যে একটি বিমানের সিকোয়েন্সে চিকিৎসকের প্রয়োজন। অন্য কোনও পেশাদার অভিনেতার বদলে তাঁকেই সুযোগ দিতে চান বলে জানান পরিচালক। সেই মুহূর্তেই ক্যামিও শুট করা হয়। আর এভাবেই 'ধুরন্ধর ২'-এ তাঁর অপ্রত্যাশিত অভিষেক ঘটে।
একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে মাথায় চোট পান অর্জুন রামপাল। এই ঘটনায় প্রথমে ইউনিটের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং আশঙ্কা করা হয় যে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে।
অভিনয়ের প্রশংসা করে পরিচালক বলেছেন, একজন প্রকৃত ডাক্তারের মতোই তিনি আচরণ করেছেন। ক্যামেরা নিয়ে কোনওরকম অস্বস্তি দেখাননি। ছবিটি মুক্তির পর তাঁর উপস্থিতি নজর কেড়েছে দর্শকের। সোশ্যাল মিডিয়ায় সানির অভিনীত অংশের ক্লিপিংও ছড়িয়ে পড়েছে। অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে বলেছেন, "রণবীর সিং ও অর্জুন রামপাল দুজনের আচরণই খুবই বন্ধুত্বপূর্ণ এবং সহজ-সরল মনের মানুষ। পুরো ইউনিট আমাকে খুব স্বচ্ছন্দ বোধ করিয়েছিল।"
