shono
Advertisement
Mouni Roy

তৃতীয় ব্যক্তির জন্যই দাম্পত্যে ভাঙন? বিচ্ছেদের পর প্রথমবার মুখ খুললেন মৌনীর স্বামী সূরজ

Suraj Nambiar: মৌনীর সঙ্গে সূরজের বিচ্ছেদের পর লাগাতার সমালোচনার জেরে ময়দানে অভিনেত্রীর স্বামী। বিচ্ছেদ ঘোষণার পর প্রথমবার মুখ খুললেন সূরজ নাম্বিয়ার।
Published By: Kasturi KunduPosted: 02:14 PM May 18, 2026Updated: 03:53 PM May 18, 2026

গত ১২ মে মঙ্গলবার মৌনী রায়ের বিচ্ছেদের গুঞ্জন ঢেউয়ের মতো আছড়ে পড়েছিল সিনেপাড়ায়। চর্চার মাঝেই নীরবতা ভেঙেছেন বলিউডের বঙ্গললনা। সূরজের সঙ্গে বিচ্ছেদ গুঞ্জনে সিলমোহর দিয়ে জানিয়েছেন, দাম্পত্য ভাঙলেও বন্ধুত্ব চিরন্তন। মৌনী (Mouni Roy)-সূরজের (Suraj Nambiar) বিচ্ছেদের নেপথ্যে উঠে এসেছে একাধিক তথ্য! সূরজের বিরুদ্ধে নায়িকা-স্ত্রীর টাকা নয়ছয়ের অভিযোগ থেকে পরকীয়ার গুঞ্জন সহ 'ঘরভাঙানি' কটাক্ষে জেরবার মৌনীর বান্ধবী দিশা পাটানি। বন্ধুত্বের সম্পর্ক বদলে গিয়েছে! 'প্রিয় বান্ধবী' দিশাই নাকি এখন মৌনীর 'জীবনসঙ্গী'! পুরনো ছবির সঙ্গে ব্যাঙ্গাত্মক ক্যাপশন জুড়ে নেটভুবনে 'কালিমালিপ্ত' বন্ধুত্ব। এই মর্মে একটি শব্দও কেউ খরচ করেননি।

Advertisement

বিচ্ছেদ ঘোষণার পর প্রথমবার বিমানবন্দরে পাপারাজ্জিদের লেন্সবন্দি মৌনী। যদিও, সুকৌশলে প্যাপদের এড়িয়ে যান অভিনেত্রী। এরপরই লাগাতার সমালোচনার জেরে ময়দানে মৌনীর স্বামী। বিচ্ছেদ ঘোষণার পর প্রথমবার মুখ খুললেন সূরজ নাম্বিয়ার। বিচ্ছেদের নেপথ্যে খাঁড়া করা সকল যুক্তি, গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি। সমাজমাধ্যমে এই ধরনের গুজব ছড়ানো সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সূরজ। একইসঙ্গে অযথা কোনও নির্দোষ বন্ধুকে হাঁড়িকাঠে না চড়ানোর আর্জি মৌনীর স্বামীর।

সমালোচনার কড়া জবাব মৌনীর স্বামী সূরজের

ইনস্টা স্টোরিতে তিনি জানিয়েছেন, 'আমাদের বিচ্ছেদ নিয়ে ভিত্তিহীন কাহিনিগুলো অত্যন্ত রুচিহীন এবং সম্পূর্ণ বিদ্বেষপূর্ণ। একটা বিষয় পরিষ্কার করতে চাই, আমাদের বিচ্ছেদ মামলায় ভরণপোষণ নিয়ে কোনও বিরোধ নেই। আমাদের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তির অস্তিত্বের খবর সম্পূর্ণ ভুয়ো। আমি এবং মৌনী পারস্পরিক সম্মান ও কল্যাণের স্বার্থেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটাই প্রকৃত সত্য, বাকি সব কাল্পনিক।'

ভুয়ো তথ্য না রটানোর আর্জি সূরজের

সূরজের দাবি, 'তৃতীয় ব্যক্তিকে নিয়ে যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো অত্যন্ত আপত্তিকর। এর কোনও সত্যতা নেই। কোনও নির্দোষ মানুষকে এভাবে দোষারোপ করা উচিত নয়। বিশেষ করে সেই সকল বন্ধুদের, যাঁদের এই ঘটনার সঙ্গে কোনও সম্পর্কই নেই। যেভাবে আমাদের বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়িয়ে পড়ছে, আমার পক্ষে নীরব থাকা সম্ভব নয়। তাই ভ্রান্ত ধারণা দূরীকরণের জন্য সকলের উদ্দেশে আমার এই বার্তা।'

বিচ্ছেদের পর প্রথমবার মুখ খুললেন মৌনীর স্বামী

বিবৃতির উপসংহারে প্রত্যেকের কাছে সূরজের আর্জি, যাচাই না করে কোনও তথ্য বিশ্বাস করবেন না। যৌথ বিবৃতি জারি করে বিচ্ছেদ ঘোষণাকে সম্মান করার অনুরোধও জানান তিনি। একইসঙ্গে সূরজের আর্জি, তাঁদের ব্যক্তিগত শান্তি যেন বিঘ্নিত না হয়, গোপনীয়তা বজায় থাকে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement