বক্স অফিসে 'ধুরন্ধর ২' জ্বর অব্যাহত। মুক্তির ১১ দিন পর বিশ্বব্যাপী আয়ের নিরিখে হাজার কোটির গণ্ডি অতিক্রম করে ফেলেছে আদিত্য ধরের ছবি। সিনেবাণিজ্য বিশেষজ্ঞ সংস্থ স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় শনিবার ভারতে ৭৭৮.৭৭ কোটির ব্যবসা করেছে ব্লকব্লাস্টার সিনেমাটি। আর বিশ্বজুড়ে এই ছবির মোট আয়ের পরিমান ১,২২৬ কোটি। ধুরন্ধর ২ যখন বক্স অফিসে রেকর্ড ব্যবসা করে নজির গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে সেই সময় সিনেমার লভ্যাংশের একটা বড় অংশ দাবি করল পাকিস্তানের লিয়ারির বাসিন্দারা! কিন্তু এহেন বায়নাক্কার কারণটা কী?
স্থানীয়দের দাবি, যে শহরকে কেন্দ্র করে ছবির গল্প, ছবি তৈরি করতে পরিচালককে অনুপ্রাণিত করেছে সর্বোপরি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে সেই শহরেরও এই সাফল্যের অংশীদার হওয়া উচিত।সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল। এক পাক টিভি চ্যানেলের তরফে লিয়ারির বাসিন্দাদের কাছে এই স্পাই থ্রিলারের আকাশছোঁয়া সাফল্য নিয়ে মতামত জানতে চাওয়া হয়।
পাকিস্তানের লিয়ারির এক বাসিন্দার বক্তব্য,"আয়টা কোথা থেকে এসেছে? সাফল্যের নেপথ্যে তো লিয়ারি শহরের নাম আর পরিস্থিতি-ই রয়েছে।"
তখনই একজন বাসিন্দা বলেন, "যদি হাজার কোটি আয় হয় তাহলে পাঁচশো কোটি লিয়ারির মানুষকে দেওয়া উচিত। আয়ের অর্ধেকাংশ দিলে এই রাস্তাগুলো ঠিক করা যাবে। বাচ্চারা হাঁটতে গেলে পায়ে ঘা হয়ে যায়।"
অপর এক বাসিন্দার বক্তব্য,"কমপক্ষে কয়েকশো কোটি তো পাওয়াই উচিত। সত্তর থেকে আশি শতাংশ দেওয়া উচিত। আয়টা কোথা থেকে এসেছে? সাফল্যের নেপথ্যে তো লিয়ারি শহরের নাম আর পরিস্থিতি-ই রয়েছে। তাই লভ্যাংশের কিছুটা দেওয়া অবশ্যই উচিত।"পাকিস্তানের লিয়ারি এলাকার এক বাসিন্দা শুধু নিজের শহরের উন্নতির আশা ব্যক্ত করে বলেন, "লিয়ারিকে নিয়ে বানানো এই ছবিটা ব্যাপক সাফল্যের মুখ দেখছে। অনেক টাকা আয় করেছে। লিয়ারির অনেক উন্নতি হোক। এই রাস্তাগুলো ঠিক হয়ে যাক।"
উল্লেখ্য, 'ধুরন্ধর'-এর প্রথমভাগ বিশ্বজুড়ে ১,৩০০ কোটি আয় করে হিন্দি সিনেমার অন্যতম বড় স্পাই থ্রিলার ফ্র্যাঞ্চাইজি হিসেবে মাইলস্টোন ছুঁয়েছে। ধারাবাহিকতা বজায় রেখেছে দ্বিতীয় ভাগও। আগামীতে সারা-রণবীরের ধুরন্ধর ২-এর ঝুলি যে আরও ফুলে ফেঁপে উঠবে বক্স অফিস আয় সেই ইঙ্গিতই দিচ্ছে।
